Netflix-এ পাকিস্তানের ওয়েব সিরিজ ব্যান করা হোক, নিষিদ্ধ করার দাবিতে মোদিকে চিঠি

নেটফ্লিক্সে মুক্তির আগেই বিতর্কে জড়াল পাকিস্তানের প্রথম অরিজিনাল সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo)। আগামী ৪ ডিসেম্বর সিরিজটির প্রিমিয়ার হওয়ার কথা। তার আগেই ভারতে এই সিরিজের মুক্তি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার দাবি জানাল অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। এই দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছে সংগঠনটি।

দু’দিন আগেই নেটফ্লিক্স এই সিরিজের ঘোষণা করেছিল। সংস্থার মিডল ইস্ট অ্যান্ড নর্থ আফ্রিকা (MENA) বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে এই তারকাখচিত ড্রামা সিরিজ। তবে ভারতীয় দর্শকরা এই সিরিজ দেখতে পাবেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি নেটফ্লিক্স।

২৪ নভেম্বর, মঙ্গলবার প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে AICWA গত বছরের কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার দাবি জানিয়েছে। ওই নির্দেশিকায় ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধ রাখার কথা বলা হয়েছিল। আসন্ন সিরিজটি নিষিদ্ধ করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনও পাকিস্তানি প্রযোজনা ভারতীয় পর্দায় জায়গা না পায়, সে জন্য স্থায়ী আইন প্রণয়নেরও দাবি জানিয়েছে সংগঠনটি।

চিঠিতে AICWA লিখেছে, কঠোরতম শাস্তির বিধানসহ একটি শক্তিশালী ও স্থায়ী আইন তৈরি করা হোক। পাশাপাশি নেটফ্লিক্স ইন্ডিয়া এবং সমস্ত ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কাছে আবেদন জানানো হয়েছে, তারা যেন ভারতে কোনও পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার না করে। সংগঠনটির দাবি, পাকিস্তানে তৈরি সিরিজ, সিনেমা, গান এবং পডকাস্ট ভারতে সম্প্রচারের কোনও প্রশ্নই ওঠে না।

পহেলগাঁও হামলার পর কেন্দ্রের নির্দেশিকার প্রসঙ্গ নিজেদের দাবির স্বপক্ষে জাতীয় নিরাপত্তা এবং কেন্দ্রীয় সরকারের নীতির কথা তুলে ধরেছে AICWA। চিঠিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ২০২৫ সালের ৮ মে জারি করা নির্দেশিকার উল্লেখ করা হয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর ওই নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র, যেখানে ভারতের সমস্ত ওটিটি পরিষেবা এবং ডিজিটাল মাধ্যমকে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

AICWA-র বক্তব্য, ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ভারতে সম্প্রচারের অনুমতি দেওয়া হলে তা কেন্দ্রীয় নির্দেশিকার মূল উদ্দেশ্য এবং সাধারণ মানুষের আবেগের পরিপন্থী হবে। পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ করার উপর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে নিজেদের অবস্থানের কথাও চিঠিতে উল্লেখ করেছে সংগঠনটি।

কেন্দ্রীয় সরকারকে সমস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম যাতে ২০২৫ সালের মে মাসের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলে, তা নিশ্চিত করার আবেদন জানিয়েছে AICWA। পাশাপাশি টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা হলে এই নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তির ব্যবস্থা রেখে স্থায়ী আইন তৈরির দাবি জানানো হয়েছে।

কী রয়েছে সিরিজের গল্পে? ফারহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’। ২০০৯ সালে ‘খাওয়াতিন ডাইজেস্ট’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি এবং পরে ২০১৩ সালে বই আকারে প্রকাশিত হয়। সিরিজটির গল্পে তিন প্রজন্মের ছয়টি প্রেমের কাহিনি তুলে ধরা হয়েছে। মোমিনা দুরেইদ ফিল্মসের প্রযোজনায় তৈরি এই সিরিজের শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি এবং ব্রিটেনে।

কারা অভিনয় করেছেন? সিরিজটিতে রয়েছেন পাকিস্তানের একাধিক পরিচিত মুখ। প্রধান চরিত্রে দেখা যাবে ফাওয়াদ খান, মাহিরা খান, আহাদ রাজা মীর, হামজা আলি আব্বাসি এবং হানিয়া আমিরকে। এ ছাড়াও অভিনয় করেছেন আহমেদ আলি আকবর, বিলাল আশরাফ, মায়া আলি, ইকরা আজিজ, খুশাল খান, নাদিয়া জামিল, ওমায়ের রানা এবং সামিনা আহমেদ।

আগামী ৪ ডিসেম্বর প্রিমিয়ারের কথা থাকলেও ভারতে এটি দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফলে AICWA-র দাবি এবং কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *