৮২৮ কিমি রেঞ্জ ও ৩.৯ সেকেন্ডে ১০০ কিমি গতি! চমক নিয়ে আসছে BMW iX4, দাম কত হতে পারে?

ভারতে BMW iX4 ইলেকট্রিক গাড়ি লঞ্চের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সম্প্রতি এই গাড়িটির ডিজাইন পেটেন্ট ফাইল করেছে জার্মানির বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা BMW। যদিও এখনও পর্যন্ত ভারতে গাড়িটি কবে লঞ্চ হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি সংস্থাটি। ২০২৬ সালের অক্টোবর মাসে বিশ্ববাজারে উন্মোচিত হয়েছিল BMW iX4। এটি সংস্থার পরিচিত iX3-এর কুপে-এসইউভি (Coupe-SUV) সংস্করণ এবং iX3 ও i3-র পর BMW-র তৃতীয় ‘Neue Klasse’ ইলেকট্রিক গাড়ি।

বিশ্ববাজারে BMW iX4 মোট তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—40 xDrive, 50 xDrive এবং M60 xDrive।

ডিজাইন ও লুক

ডিজাইনের দিক থেকে BMW iX4-এর সঙ্গে iX3-এর বেশ সাদৃশ্য রয়েছে। তবে ঢালু ছাদের নকশা এবং ছোট ওভারহ্যাং গাড়িটিকে কুপে-স্টাইলের চেহারা দিয়েছে। সামনের অংশে রয়েছে BMW-র চেনা কিডনি গ্রিল এবং ডুয়াল-পড হেডলাইট। পাশাপাশি রয়েছে ২০ ইঞ্চির অ্যালয় হুইল, নীল ব্রেক ক্যালিপার, ক্লিয়ার-লেন্স টেলল্যাম্প এবং বুট লিড স্পয়লার। iX3-এর তুলনায় পিছনের বাম্পারটিও কিছুটা বেশি ধারালো নকশায় তৈরি।

অন্যদিকে, টপ-স্পেক M60 xDrive ভ্যারিয়েন্টে থাকছে অ্যাডাপটিভ LED হেডলাইট, গ্রিলের চারপাশে আলোর ব্যবস্থা এবং হলুদ ডে-টাইম রানিং লাইট। এর সঙ্গে যুক্ত হচ্ছে বড় ২১ ইঞ্চির অ্যালয় হুইল, M ব্যাজ, স্পোর্টি উইং মিরর এবং আরও বড় বুট স্পয়লার।

ইন্টেরিয়র ও ফিচার্স

গাড়িটির কেবিনের নকশা মূলত iX3-এর মতোই। তবে ছাদের ঢালু গড়নের কারণে পিছনের আসনে বসা যাত্রীদের মাথার উপরের জায়গা কিছুটা কম হতে পারে। গাড়িটির বুট স্পেস ৪৯০ লিটার।

ড্যাশবোর্ডের মাঝখানে রয়েছে ১৭.৯ ইঞ্চির ডায়মন্ড-আকৃতির টাচস্ক্রিন। পাশাপাশি উইন্ডস্ক্রিনের নিচের অংশ জুড়ে রয়েছে BMW-র ‘Panoramic Vision’ ডিসপ্লে। iX3-এর মতোই এখানে বিশেষ নকশার স্টিয়ারিং হুইল এবং উঁচু সেন্ট্রাল টানেল রয়েছে।

40 xDrive এবং 50 xDrive ভ্যারিয়েন্টে মিলবে অ্যাডজাস্টেবল অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্যানোরামিক সানরুফ, মেমোরি সেটিংস-সহ ইলেকট্রিক ফ্রন্ট সিট এবং সাতটি স্পিকারের সাউন্ড সিস্টেম। এছাড়া থাকছে স্মার্টফোন কানেক্টিভিটি, কানেক্টেড কার টেকনোলজি, ওয়্যারলেস চার্জিং এবং ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম।

অন্যদিকে, M60 xDrive-এর কেবিনে স্পোর্টি আবহ রাখা হয়েছে। এতে রয়েছে M স্টিয়ারিং হুইল, M Sport সিট এবং ১৩টি স্পিকার-সহ Harman Kardon সাউন্ড সিস্টেম। পাশাপাশি অন্য দুই ভ্যারিয়েন্টের তুলনায় এর ইন্টেরিয়রে রয়েছে ডার্ক কালারের থিম।

ব্যাটারি, পাওয়ার ও রেঞ্জ

BMW iX4 তৈরি হয়েছে সংস্থার ৮০০-ভোল্টের Neue Klasse প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে। এতে iX3-এর মতোই ব্যাটারির বিকল্প থাকছে।

এন্ট্রি-লেভেল 40 xDrive ভ্যারিয়েন্টে রয়েছে ৮২.৬kWh ব্যাটারি। সংস্থার দাবি অনুযায়ী, WLTP পরীক্ষার ভিত্তিতে একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি সর্বোচ্চ ৬৩৮ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। সামনের ও পিছনের অ্যাক্সেলে থাকা দুটি ইলেকট্রিক মোটর মিলিয়ে সর্বোচ্চ ৩৭৪hp শক্তি এবং ৫২০Nm টর্ক উৎপন্ন হয়। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে এই ভ্যারিয়েন্টের সময় লাগে ৫.৬ সেকেন্ড।

মাঝের 50 xDrive ভ্যারিয়েন্টে রয়েছে ১০৮.৭kWh ব্যাটারি, যার WLTP রেঞ্জ সর্বোচ্চ ৮২৮ কিলোমিটার। ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ সেটআপে এই সংস্করণটি ৪৬৯hp শক্তি এবং ৬৪৫Nm টর্ক তৈরি করতে পারে। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতি তুলতে সময় লাগে মাত্র ৪.৯ সেকেন্ড।

সবচেয়ে শক্তিশালী M60 xDrive সংস্করণে মিলবে ৬১২hp শক্তি। মাত্র ৩.৯ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিতে পৌঁছতে পারে এই ভ্যারিয়েন্ট এবং এর সর্বোচ্চ গতি ইলেকট্রনিকভাবে ২৪০ কিমি প্রতি ঘণ্টায় সীমাবদ্ধ রাখা হয়েছে। এর অনুমানিক WLTP রেঞ্জ সর্বোচ্চ ৭৭৭ কিলোমিটার বলে মনে করা হচ্ছে। M60 xDrive-এ স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে অ্যাডাপটিভ স্পোর্টস সাসপেনশন, যা অন্য দুই ভ্যারিয়েন্টে অপশনাল হিসেবে পাওয়া যাবে।

ভারতে সম্ভাব্য দাম ও প্রতিদ্বন্দ্বী

BMW iX4 ভারতে এলে এর সম্ভাব্য এক্স-শোরুম দাম ৯০ লক্ষ থেকে ৯৫ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। বাজারে এলে Mercedes-Benz-এর ইলেকট্রিক GLC-র সঙ্গে সরাসরি টক্কর দেবে গাড়িটি। তবে ভারতে গাড়িটি কবে লঞ্চ হবে, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত ঘোষণা করেনি BMW।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *