কৃত্রিম সঙ্কট ও সংকেত বন্ধ”—স্বাস্থ্যমন্ত্রীর বড় আশ্বাসের মাঝেই কলকাতা মেডিক্যালের সামনে হাজার টাকার ওষুধের বিল দেখালেন পরিজনেরা!

রাজ্যে পালাবদলের পর সরকারি হাসপাতালগুলির চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য ভবন। এতদিন সরকারি হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে সাদা কাগজে বা সংকেত ও কোড ব্যবহার করে বাইরের ওষুধ লেখার যে অভিযোগ উঠত, তা সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সরকারি হাসপাতালের নির্ধারিত প্যাডেই ওষুধ লিখতে হবে এবং তাতে চিকিৎসকের সই, তারিখ, সময় ও স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক।
ইতিমধ্যেই রাজ্যের হাসপাতালগুলিতে এই নির্দেশিকা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে, খাতায়-কলমে চিকিৎসা ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে এবং আগামী দিনে আরও বদল আসবে। তবে প্রশাসনের এই কড়া নির্দেশের পরও সাধারণ রোগী ও তাঁদের পরিজনদের ভোগান্তির ছবি কতটা বদলেছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
দূর-দূরান্তের গ্রামগঞ্জ থেকে বুকভরা আশা নিয়ে কলকাতা ও শহরতলির সরকারি হাসপাতালে ছুটে আসেন বহু মানুষ। সবার পক্ষে চড়া দামে বাইরে থেকে ওষুধ কেনা সম্ভব নয়। অথচ কলকাতা মেডিক্যাল কলেজের সামনের বেসরকারি ওষুধের দোকানগুলিতে এদিনও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে দাঁড়িয়ে কেউ বাধ্য হয়ে চড়া দামে ওষুধ কিনছেন, আবার কেউ ওষুধের আকাশছোঁয়া দাম শুনে খালি হাতেই বাড়ি ফিরছেন।
রোগীর পরিজনদের ক্ষোভ ক্যামেরার সামনে স্পষ্ট হয়ে ওঠে। তাঁদের অভিযোগ, হাতেগোনা কয়েকটি ওষুধ বাদ দিলে প্রায় সব ওষুধই বাইরে থেকে কিনতে হচ্ছে। অনেকেই ক্যামেরার সামনে হাজার হাজার টাকার ওষুধ কেনার বিলও তুলে ধরেন। ফলে খাতায়-কলমে নিয়ম বদলালেও প্রান্তিক ও গরিব মানুষেরা আদৌ সঠিক ও বিনামূল্যের পরিষেবা পাচ্ছেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এই বিষয়ে আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। তাঁর দাবি, এতদিন হাসপাতালগুলিতে কৃত্রিমভাবে ওষুধের সঙ্কট তৈরি করে রাখা হত এবং সংকেতিক চিহ্ন ব্যবহার করে রোগীদের বাইরের দোকানে পাঠানো হত। এখন থেকে সেই সব অসাধু চক্র সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সাধারণ মানুষকে সঠিক পরিষেবা দিতে স্বাস্থ্য ভবন বদ্ধপরিকর বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।