কাকা চোর বলায় সহপাঠীকে সপাটে চড়!” শৈশবের কোন গোপন স্মৃতি ফাঁস করলেন প্রিয়াঙ্কা গান্ধি?

A Journey of Love’-এ সঞ্জয় গান্ধি ও মানেকা গান্ধিকে ঘিরে নানা অজানা প্রসঙ্গ তুলে ধরেছেন সোনিয়া গান্ধি। সেই বইকে কেন্দ্র করেই সম্প্রতি রাহুল গান্ধির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ২৩ মিনিটের একটি খোলামেলা আড্ডার ভিডিও—‘What Ma Left Out of Her Book’। সেখানে মা সোনিয়া গান্ধির পাশাপাশি রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি নিজেদের জীবনের নানা স্মৃতি ও অজানা কথা ভাগ করে নিয়েছেন।
ওই কথোপকথনে ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে ঠাকুমা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির পরাজয়ের পর গান্ধি পরিবারের ভেতরের পরিবেশ ও টানাপোড়েনের কথা স্মরণ করেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি। তিনি জানান, জরুরি অবস্থার পরবর্তী সময়ে ইন্দিরা গান্ধি নির্বাচনে হারার পর তাঁদের অন্য একটি বাড়িতে চলে যেতে হয়েছিল। প্রিয়াঙ্কার কথায়, “সেই সময় চারপাশে একটা চাপা উত্তেজনা ও অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছিল।” উল্লেখ্য, ১৯৭৭ সালের ওই পরাজয় ছিল ইন্দিরা গান্ধির রাজনৈতিক জীবনের একমাত্র নির্বাচনী হার।
মা সোনিয়া গান্ধি এবং দাদা তথা রায়বেরেলির লোকসভা সাংসদ রাহুল গান্ধির সামনে শৈশবের এক ঘটনার কথাও তুলে ধরেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, এক সহপাঠী কাকা সঞ্জয় গান্ধিকে ‘চোর’ ও জেলবন্দি বলে কটাক্ষ করায় তিনি নিজেকে সামলাতে পারেননি। প্রিয়াঙ্কা বলেন, “আমার মনে আছে, এক ছোট ছেলে এসে আমাকে বলেছিল, ‘তোমার কাকা জেলে রয়েছে, তোমার কাকা চোর।’ আমি তাকে সপাটে একটা চড় মেরেছিলাম। তারপর সে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর আমরা শিক্ষকের কাছে যাই এবং আমাকে বকুনি খেতে হয়।”
কেন জেলে যেতে হয়েছিল সঞ্জয় গান্ধিকে?
জরুরি অবস্থার পর ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগের মুখে পড়েন সঞ্জয় গান্ধি। যার মধ্যে অন্যতম ছিল আলোচিত ‘কিসসা কুর্সি কা’ মামলা। অভিযোগ ওঠে, তৎকালীন তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিদ্যাচরণ শুক্লের সঙ্গে মিলে ইন্দিরা গান্ধি সরকারের সমালোচনামূলক একটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের মূল প্রিন্ট নষ্ট করার চক্রান্ত করেছিলেন তিনি। ১৯৭৫ সালে ছবিটির প্রদর্শন আটকাতে গুরুগ্রামের মারুতি কারখানায় ছবির রিল নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
জরুরি অবস্থা উঠে যাওয়ার পর ১৯৭৭ সালে জনতা পার্টির সরকার ক্ষমতায় এলে এই ঘটনার তদন্ত শুরু হয় এবং সঞ্জয় গান্ধি ও বিদ্যাচরণ শুক্লের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়। পাশাপাশি, মামলার সাক্ষীদের প্রভাবিত করার অভিযোগে ১৯৭৮ সালে সুপ্রিম কোর্ট তাঁর জামিন বাতিল করলে পুনরায় কারাবাস করতে হয় সঞ্জয় গান্ধিকে।
স্কুলে আরও বেশি ‘বিদ্রোহী’ ছিলেন রাহুল
ভিডিওতে প্রিয়াঙ্কার মুখে শৈশবের এই অভিজ্ঞতার কথা শুনে রাহুল গান্ধিও নিজের স্কুলজীবনের প্রসঙ্গ টানেন। রাহুলের কথায়, স্কুলে পড়ার সময় তিনি বোনের তুলনায় অনেক বেশি বিদ্রোহী প্রকৃতির ছিলেন।