প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক বৈঠক বালেন্দ্র শাহের, নেপালকে কী দিলেন মোদি?

দুর্যোগে ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের লক্ষ্যে বড় অঙ্কের আর্থিক সহায়তার ঘোষণা করল ভারত। সোমবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা সামনে আসে।
যোগাযোগ, শক্তি ও পরিকাঠামোয় নজর
বৈঠকের পর যৌথ সাংবাদিক বিবৃতিতে জানানো হয়, নেপালের উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপির আর্থিক সহায়তা দেবে ভারত। মূলত যোগাযোগ ব্যবস্থা, শক্তি উৎপাদন, বাণিজ্য এবং পরিকাঠামোগত উন্নয়নের বিষয়গুলোকে সামনে রেখেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিপর্যয়ে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী মোদি বলেন, “এই নেপাল বিপর্যয়ে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি গভীর শোকপ্রকাশ করছি। একইসঙ্গে নেপালের সাহায্য এবং উন্নতির জন্য ভারত ২৪ হাজার নেপালি টাকার সাহায্য ঘোষণা করেছে।” দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানো এবং পুনর্বাসনে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক ও মোদির মন্তব্য
নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতে এটাই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। তাঁকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠক প্রসঙ্গে মোদি বলেন, “কিছু মাস আগেই তিনি রাষ্ট্রপুঞ্জে গিয়ে সবথেকে নবীনতম প্রধানমন্ত্রী হিসাবে ভাষণ দিয়েছিলেন। সেখান থেকেই তাঁর দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে গিয়েছিল। আর আজকে তাঁর কথা শুনে এবং নেপালের প্রতি তাঁর দায়বদ্ধতা শুনে ভারত-নেপালের সম্পর্ক আরও মজবুত হবে।”