‘প্রশাসক তো কর্পোরেশন নন!’ কলকাতার ওয়ার্ড বদলে আইনি বৈধতা নিয়ে তীব্র সওয়াল-জবাব সুপ্রিম কোর্টে

কলকাতা পুরনিগমের অস্তিত্বই যখন নেই, তখন সেই পুরনিগমের সুপারিশের ভিত্তিতে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত কীভাবে কার্যকর করতে পারে রাজ্য? কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলায় রাজ্যকে কার্যত এই প্রশ্নের মুখে দাঁড় করাল সুপ্রিম কোর্ট।
১৪৪ থেকে কলকাতা পুরনিগমের ওয়ার্ডের সংখ্যা বাড়িয়ে ২০৯ করার সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। বিশেষ করে পুরনিগমের নির্বাচিত বোর্ডের পরিবর্তে প্রশাসক দায়িত্বে থাকার সময় কীভাবে পুরনিগমের সুপারিশ দেখিয়ে রাজ্য এই সিদ্ধান্ত নিল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতিদের বেঞ্চ। আপাতত মামলার পরবর্তী শুনানি বুধবার।
শুনানিতে বিচারপতিদের কড়া প্রশ্ন
সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত পুর কমিশনার নেননি। তাঁর বক্তব্য, এই প্রক্রিয়ায় পুর কমিশনারের কোনও ভূমিকা ছিল না; রাজ্য সরকারই উদ্যোগ নিয়ে ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ করেছে। কিন্তু রাজ্যের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী প্রশ্ন তোলেন, কলকাতা পুর আইন অনুযায়ী ৬০১ নম্বর ধারায় পুরনিগমের কাছ থেকে সুপারিশ ও প্রস্তাব পাওয়ার যে ব্যবস্থা রয়েছে, তা বাস্তবে কার্যকর করা হল কীভাবে? যে পুরনিগমের নির্বাচিত বোর্ড নেই, তার কাছ থেকে সুপারিশ নেওয়ার আইনি ভিত্তি কোথায়? বিচারপতির কথায়, “৬০১ নম্বর ধারার অধীনে কর্পোরেশনের কাছ থেকে সুপারিশ ও প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতে নগর উন্নয়ন দফতর অনুরোধ করছে। কিন্তু প্রশ্ন হল, যে কর্পোরেশনের অস্তিত্বই নেই, তার কাছ থেকে সুপারিশ পেলে আপনি এই ক্ষমতা প্রয়োগ করবেন কীভাবে?”
প্রশাসককে কি কোনওভাবেই পুরনিগম বা কর্পোরেশনের সমতুল্য বলে বিবেচনা করা যায়, সেই প্রশ্নও উঠে এসেছে শুনানিতে। বিচারপতি বাগচীর পর্যবেক্ষণ, প্রস্তাবটি কর্পোরেশনের পক্ষ থেকে আসার কথা, কিন্তু প্রশাসক নিজে তো কর্পোরেশন নন। ফলে প্রশাসকের কাছ থেকে পাওয়া কোনও প্রস্তাবকে পুরনিগমের আনুষ্ঠানিক সুপারিশ হিসেবে গ্রহণ করে রাজ্য কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিতে পারে, তার ব্যাখ্যা প্রয়োজন।
বিচারপতি আরও বলেন, “এখানে প্রশ্ন উঠছে কে কার নির্দেশে কাজ করছে? একটি নির্দেশ জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এটি সুপারিশের ভিত্তিতে করা হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের মূল ভিত্তি এটাই। প্রস্তাবটি কর্পোরেশনের পক্ষ থেকে আসে, কিন্তু প্রশাসক তো আর কর্পোরেশন নন।”
রাজ্যের যুক্তি ও প্রক্রিয়ার দাবি
শুনানির শুরুতে তুষার মেহতা জানান, দীর্ঘ কয়েক দশক কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাস হয়নি। শেষ বার ১৯৮৪ সালে এই কাজ হয়েছিল। সেই কারণে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে বলে রাজ্যের যুক্তি। তাঁর বক্তব্য, গত ৩ জুলাই রাজ্যের নগরোন্নয়ন দফতর পুর কমিশনারকে চিঠি দিয়ে এই প্রক্রিয়া শুরুর বিষয়ে উদ্যোগী হয়। পুর কমিশনার নিজে কোনও সিদ্ধান্ত নেননি, বরং রাজ্য সরকারই গোটা প্রক্রিয়া পরিচালনা করেছে।
রাজ্যের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি মেনেই এগোনো হয়েছে। ৫ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত পুনর্বিন্যাসের খসড়া সাধারণ মানুষের মতামতের জন্য প্রকাশ করা হয়েছিল। এরপর ২৫ অগস্ট সর্বদলীয় বৈঠক ডাকা হয়। প্রস্তাবিত পুনর্বিন্যাস নিয়ে ২৮৫টিরও বেশি আপত্তি জমা পড়েছিল। সেই আপত্তি ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদালতে জানায় রাজ্য। মামলাকারী অবশ্য ওই পর্যায়ে কোনও আপত্তি জানাননি বলেও দাবি করেন সলিসিটর জেনারেল।
পরবর্তী শুনানি ও পুর নির্বাচনের ভবিষ্যৎ
কিন্তু রাজ্যের এই যুক্তির পরেও মূল আইনি প্রশ্নটি এড়ানো যায়নি। জনমত নেওয়া হয়েছে কি না, আপত্তি জমা পড়েছে কি না, কিংবা পুনর্বিন্যাসের প্রশাসনিক প্রয়োজনীয়তা কতটা— তার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার হাতে ছিল, সেটিও বিচার্য বলে মনে করছে শীর্ষ আদালত। রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে এই প্রশ্নগুলির জবাব দিতে বলেছে আদালত এবং বুধবার তিনি নিজের বক্তব্য পেশ করবেন।
উল্লেখ্য, কলকাতা পুরনিগমের ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। পুজোর অবকাশকালীন বিশেষ বেঞ্চ ওই সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরনিগমের নির্বাচন ঘোষণা করা যাবে না বলে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ফলে ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুর নির্বাচন— দুইয়ের ভবিষ্যৎই এখন বুধবারের শুনানি ও শীর্ষ আদালতের পরবর্তী পর্যবেক্ষণের দিকে তাকিয়ে।