বহিরাগতদের হাতেই কি বিক্রি হচ্ছে গোয়ার জমি-জঙ্গল? বিস্ফোরক দাবি CJP-র!

গোয়ার জমি, জঙ্গল ও স্থানীয় মানুষের অধিকার রক্ষার দাবিতে ফের সরব হলো ককরোচ জনতা পার্টি (CJP)। রাজ্যের সাংস্কৃতিক পরিচয় ও প্রাকৃতিক সম্পদ কি বাইরের প্রভাবশালী মহলের হাতে তুলে দেওয়া হচ্ছে—মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তকে সরাসরি এই প্রশ্নেই কাঠগড়ায় তুললেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর অভিযোগ, একদিকে বহিরাগতদের নিয়ে কথা বলা হচ্ছে, অন্যদিকে সরকারের আমলেই বাইরের প্রভাবশালী নির্মাতা ও তাঁদের ঘনিষ্ঠদের হাতে রাজ্যের জমি চলে যাচ্ছে। বিতর্কিত টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং আইনের ৩৯এ ধারা সম্পূর্ণ বাতিলের দাবি তুলেছে CJP। পাশাপাশি ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের আগে নাগরিকদের মতামতের ভিত্তিতে ‘Citizen’s Manifesto’ তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে তারা।
‘চল্লা কিতেম, গোয়া’ কর্মসূচিতে সাওয়ান্তকে নিশানা রবিবার পানাজিতে ‘চল্লা কিতেম, গোয়া’ (গোয়ায় কী চলছে?) শীর্ষক এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন দীপকে। প্রসঙ্গত, গত মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে CJP-র নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি হয়েছিল। সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের গোয়ার মুখ্যমন্ত্রী ‘বহিরাগত’ বলে উল্লেখ করেছিলেন বলে দাবি দীপকের।
তার পাল্টা জবাবে দীপকের প্রশ্ন, গোয়ার বনাঞ্চল কার হাতে তুলে দেওয়া হয়েছে? তিনি জানান, এক দশক আগে প্রথমবার গোয়ায় এসে যে প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রের দৃশ্য, পামগাছ ও নিজস্ব স্থাপত্য তিনি দেখেছিলেন, তার অনেকটাই আজ উধাও। তাঁর কথায়, বিমানবন্দর থেকে বেরিয়ে এখন আর গোয়ায় এসেছেন বলে মনে হয় না; বরং দেশের অন্য কোনো বড় শহরে পৌঁছেছেন বলে অনুভূত হয়। একের পর এক কংক্রিটের বহুতল গোয়ার নিজস্ব স্থাপত্য ও সংস্কৃতিকে মুছে দিচ্ছে এবং জমি হাতছাড়া হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়দের পরিচয়ও বিপন্ন হচ্ছে বলে অভিযোগ তাঁর। রাজনৈতিক নেতা ও জমি মাফিয়াদের যোগসাজশেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন CJP প্রতিষ্ঠাতা।
৩৯এ ধারা ও কারাপুর-সারভান প্রকল্প নিয়ে ক্ষোভ ২০২৪ সালে কার্যকর হওয়া টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং আইনের ৩৯এ ধারা অনুযায়ী, নির্দিষ্ট প্রক্রিয়ায় জমির জোনিং বা ব্যবহারের শ্রেণি পরিবর্তন করা সম্ভব। সমালোচকদের আশঙ্কা, এই বিধানের সুযোগে কৃষিজমি, বাগান ও পরিবেশগতভাবে সংবেদনশীল জমিতেও নির্মাণের পথ খুলে যেতে পারে, যা স্থানীয় বাসিন্দাদের জমির অধিকারকে বিপন্ন করছে।
কারাপুর-সারভান এলাকায় প্রায় ১৩০ একর জমি নিয়ে প্রস্তাবিত টাউনশিপ প্রকল্পেরও তীব্র বিরোধিতা করেছেন দীপকে। তাঁর অভিযোগ, স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের জীবিকার সঙ্গে যুক্ত জমি নির্মাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে বেসরকারি কৃত্রিম সৈকত তৈরির পরিকল্পনা থাকলেও স্থানীয় গ্রামবাসীরা জলসংকটে ভুগছেন। গত পাঁচ মাস ধরে জমি ও জীবিকা রক্ষার দাবিতে গ্রামের মহিলারা আন্দোলন চালাচ্ছেন বলেও জানান তিনি। পাশাপাশি প্রকল্পের বিরোধিতা করা আবেদনকারী গৌরেশ ঘাড়ির ওপর হামলার অভিযোগও তোলেন দীপকে।
তরুণ প্রজন্মকে টার্গেট, আসছে ‘ককরোচ ক্লাব’ রাস্তার আন্দোলনের পাশাপাশি তরুণ প্রজন্মের সঙ্গে সংযোগ বাড়াতে ‘ককরোচ ক্লাব’ নামে নতুন মঞ্চ তৈরি করছে CJP। পুনেতে এই উদ্যোগের প্রথম অনুষ্ঠান হয়েছে, যার মূল ভিত্তি ছিল গান্ধীজির আদর্শ। ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এর ধাঁচে কমেডি, ব্যঙ্গ, আলোচনা ও পারফরম্যান্সের মিশেলে সাজানো হয়েছে অনুষ্ঠানটি—যার মূল লক্ষ্য নিছক বিনোদন নয়, বরং রাজনীতি ও সামাজিক প্রশ্নকে আলোচনায় আনা।
সংগঠনের সহ-আহ্বায়ক সৌরভ দাস জানান, তরুণদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চান তাঁরা, যেখানে গান্ধী, নেহরু ও আম্বেদকরের চিন্তাভাবনা নিয়ে আলোচনা, বক্তৃতা, সিনেমা প্রদর্শনী, স্ট্যান্ড-আপ কমেডি ও পড়াশোনার সুযোগ থাকবে। ভবিষ্যতে নিয়মিত পর্বে অনুষ্ঠান প্রকাশ এবং দেশের প্রত্যন্ত এলাকায় এই মঞ্চ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যার পরবর্তী গন্তব্য দিল্লি। গোয়ার জমি রক্ষার লড়াই থেকে তরুণদের নতুন সাংস্কৃতিক-রাজনৈতিক মঞ্চ—দুই পথেই প্রভাব বিস্তারে সক্রিয় CJP।