“দেড় বছরে ৬ বার একই ঘটনা”-লোহা বোঝাই লরি উঠতেই হুড়মুড়িয়ে ভাঙল সেতু!

ফের কোচবিহারে ভেঙে পড়ল সেতু। গত এক থেকে দেড় বছরের মধ্যে এই নিয়ে ছয়বার একইভাবে সেতু ভাঙার ঘটনা ঘটল জেলায়। সোমবার পুন্ডিবাড়ি থানার আমবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোকালীর মঠ থেকে ধনীরাম চৌপথী যাওয়ার রাস্তায় একটি সেতু রয়েছে। সোমবার ওই সেতুর ওপর দিয়ে রেলের কাজের ভারী লোহার সামগ্রী বোঝাই একটি লরি যাচ্ছিল। লরিটি সেতুতে ওঠার সঙ্গে সঙ্গেই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দুর্ঘটনায় সেতুর ওপর লরির একটি বড় অংশ ঝুলে থাকে। বিকট শব্দ শুনে আশপাশের এলাকার মানুষজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুন্ডিবাড়ি থানার পুলিশ।
বারবার সেতু ভাঙায় উদ্বেগ কোচবিহার জেলায় গত দেড় বছরে একের পর এক সেতু ভাঙার ঘটনায় প্রশাসনের ভূমিকা ও পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর আগে গত ১ নভেম্বর মাথাভাঙা-২ ব্লকের উনিশবিশা গ্রাম পঞ্চায়েতের খড়িকাবাড়ি এলাকায় ভেরভেরি নদীর ওপর থাকা কংক্রিটের সেতু ভেঙে পড়েছিল। ১৯৯৭ সালে তৈরি ওই জরাজীর্ণ সেতুর ওপর সার ও মালবোঝাই একটি ভারী ট্রাক ওঠার পর মাঝের অংশ ভেঙে নদীতে পড়ে যায়।
এক মাসের ব্যবধানে ফের সেতু ভেঙে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন ও পুলিশ।