ওই দফতরের মন্ত্রী ছিলেন মমতা, প্রভাব খাটাব কীভাবে? পাল্টা তোপ ব্রাত্য বসুর

যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসু। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, যাঁরা তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁদের তিনি চেনেনই না এবং কখনও চোখে দেখেননি। পুরো ঘটনাটিকে ব্যক্তিগত প্রতিহিংসা বলে উল্লেখ করে আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ব্রাত্য বসুর কথায়, অভিযোগ যে কেউ করতেই পারেন, কিন্তু তা প্রমাণসাপেক্ষ। কুপ্রস্তাব দিতে গেলে তো সংশ্লিষ্ট ব্যক্তিকে চিনতে হবে, দেখতে হবে। আইনের ওপর ভরসা রেখে তিনি জানান, এই বিষয়টি নিয়ে তিনি আদালতে যাচ্ছেন এবং পূর্ণাঙ্গ তদন্ত চান।

তথ্য ও সংস্কৃতি দফতরে কর্মরত তিন মহিলা বাগুইআটি থানায় জিরো এফআইআর দায়ের করার পাশাপাশি জাতীয় মহিলা কমিশন ও রাজ্য পুলিশের ডিজি-কে লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগে বিকাশ ভবনে হেনস্থার প্রসঙ্গও উঠে এসেছে। এর জবাবে ব্রাত্য বসু জানান, তাঁর সময়েই বিকাশ ভবনে সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল। যে দিনের কথা বলা হচ্ছে, সেই দিনের ও সেই সময়ের ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।

তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বে থাকার প্রসঙ্গটিও নাকচ করে দিয়েছেন ব্রাত্য। তাঁর বক্তব্য, তিনি ওই দফতরের মন্ত্রী ছিলেন না এবং দফতরটি ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাতে। যে দফতরের দায়িত্বে তিনি ছিলেন না, সেখানে কীভাবে প্রভাব খাটাবেন, সে প্রশ্নও তুলেছেন তিনি।

উল্লেখ্য, এই অভিযোগে ব্রাত্য বসুর পাশাপাশি প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং আরও বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও কর্মচারীর নাম রয়েছে। ইন্দ্রনীল সেন বর্তমানে পুজো-পাস দুর্নীতি মামলায় পুলিশ হেফাজতে রয়েছেন। ব্রাত্য বসু জানান, তদন্ত হলে প্রকৃত সত্য সামনে আসবে এবং মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *