দেশের কোণায় কোণায় হাই-স্পিড ইন্টারনেট, ১৬০০ স্যাটেলাইটের পথে রিলায়েন্স

আরও এক বড় ব্যবসায়িক পরিকল্পনার পথে হাঁটছেন দেশের শিল্পপতি মুকেশ অম্বানি। ইলন মাস্কের স্টারলিংককে কড়া टक्कर দিতে ১৬০০টি স্যাটেলাইটের মাধ্যমে স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালুর ভাবনাচিন্তা শুরু করেছে রিলায়েন্স। এই লক্ষ্যে স্যাটেলাইট নির্মাতা সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং শিল্পগোষ্ঠীর সঙ্গে রিলায়েন্স আলোচনায় বসতে পারে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে একটি ‘লো অর্থ অরবিট স্যাটেলাইট নেটওয়ার্ক’ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে রিলায়েন্স। এই নেটওয়ার্ক তৈরি হলে জিও প্ল্যাটফর্মসের পরিষেবা আরও অনেকটা বিস্তৃত করা যাবে। প্রকল্পটি সফল হলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হবে। বিশেষ করে যেসব দুর্গম বা প্রত্যন্ত এলাকায় মাটির ওপর টেলিকম পরিকাঠামো বসানো কঠিন, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট বড় সমাধান হয়ে উঠতে পারে।

এই পুরো পরিকল্পনায় স্যাটেলাইট সংগ্রহ এবং উৎক্ষেপণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক তথ্য বলছে, দেশীয় উৎপাদনের পাশাপাশি বিদেশ থেকেও স্যাটেলাইট আনা হতে পারে। শুরুতে আমেরিকা থেকে প্রায় ৪০০টি স্যাটেলাইট সংগ্রহের পরিকল্পনা রয়েছে এবং সেখানকার দুটি সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছে রিলায়েন্স। ২০২৮ সালের শুরুতেই প্রথম ধাপের পরিষেবা চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এরপর ধাপে ধাপে নেটওয়ার্ক বাড়িয়ে ২০৩৫ সালের মধ্যে পুরো কাজ শেষ করতে চায় সংস্থাটি।

তবে এই পথ যে মোটেই মসৃণ নয়, তা মানছেন বিশেষজ্ঞরাও। শুধু স্যাটেলাইট তৈরি করলেই কাজ শেষ হয় না, সেগুলোকে কক্ষপথে পাঠাতে নিয়মিত রকেট উৎক্ষেপণের প্রয়োজন হয়। পাশাপাশি উপযুক্ত অরবিট্যাল স্লট নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।

স্যাটেলাইট ইন্টারনেটের দুনিয়ায় ইলন মাস্কের স্টারলিংক ইতিমধ্যেই পরিচিত নাম এবং বিশ্বের বহু দেশে তারা পরিষেবা দিচ্ছে। রিলায়েন্সের এই উদ্যোগ বাস্তবে এলে ভারতের বাজারে স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা তৈরি হতে পারে। যদিও দুই সংস্থার লক্ষ্য কিছুটা ভিন্ন। স্টারলিংক যেখানে বিশ্বজুড়ে পরিষেবা ছড়িয়ে দেওয়ার দিকে নজর দিচ্ছে, সেখানে রিলায়েন্স দেশের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা এবং জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

অন্যদিকে, দেশে স্টারলিংকের প্রবেশ নিয়ে নিরাপত্তা সংক্রান্ত নানা আলোচনা এখনও চলছে। বিশেষজ্ঞদের মতে, বাইরের দেশের স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর বেশি নির্ভর করলে ভূ-রাজনৈতিক টানাপোড়েনের সময়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই জায়গা থেকে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করা ভারতের জন্য কৌশলগত দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। এতে দেশের যোগাযোগ ব্যবস্থার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার পাশাপাশি দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পরিষেবা দেওয়াও সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *