টাকার বিনিময়ে চাকরি? জেলে গিয়ে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে প্রশ্নবাণে বিদ্ধ করল সিবিআই

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার নতুন গতি আনল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। আদালতের অনুমতির পরই এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু হয় বলে জানা গিয়েছে।

তদন্ত সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়া বা নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর বিষয়ে তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মামলায় আগে জিজ্ঞাসাবাদ করা নিতাই দত্ত, দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং অয়ন শীলের বয়ানে সুজিত বসুর নাম উঠে এসেছে বলে খবর। তার পরই জেলবন্দি প্রাক্তন মন্ত্রীকে জেরার উদ্যোগ নেয় সিবিআই।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগে গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। সেই থেকে তিনি জেলবন্দি। তদন্ত যত এগোচ্ছে, ততই তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসছে; এমনকি তাঁর ছেলের রেস্তরাঁকে কেন্দ্র করে ওঠা বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও খতিয়ে দেখেছেন তদন্তকারীরা এবং বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে।

ইতিমধ্যে জামিনের আর্জি জানিয়েও স্বস্তি পাননি প্রাক্তন মন্ত্রী। কলকাতা হাই কোর্টে জামিনের বিরোধিতা করে ইডি আশঙ্কা প্রকাশ করে যে, মুক্তি পেলে তিনি প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন এবং তদন্ত ব্যাহত হতে পারে। সেই যুক্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর জামিনের আবেদন খারিজ করেন। পরে সুপ্রিম কোর্টে গেলেও সেখানে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় আপাতত জেলেই থাকতে হচ্ছে তাঁকে।

ইডির মামলায় জেলবন্দি থাকাকালীন পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এবার আলাদা করে সুজিত বসুকে জেরা করল সিবিআই। এই জিজ্ঞাসাবাদ থেকে কী নতুন তথ্য উঠে আসে, তা জানার অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *