ছুটির দিনে মেট্রোয় ঘোরার প্ল্যান? আবহাওয়ার কারণে বদলে গেল বড় সিদ্ধান্ত!

রবিবার ছুটির দিনে কলকাতা মেট্রোয় যাতায়াতের পরিকল্পনা যাঁদের রয়েছে, তাঁদের জন্য বড় স্বস্তির খবর শোনাল কর্তৃপক্ষ। প্রতিকূল আবহাওয়া ও আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে রক্ষণাবেক্ষণের কাজের জন্য নির্ধারিত ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলে ২২ নভেম্বর রবিবার ব্লু লাইনে স্বাভাবিক পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে।
আগে জানানো হয়েছিল যে নভেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা মেট্রোরেলে প্রতি রবিবার পাওয়ার ব্লক থাকার কারণে দিনের ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হতে পারে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২ নভেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম এবং মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝে রক্ষণাবেক্ষণের কাজের কথা ছিল। কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে সেই ব্লক আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো রেল সূত্রে খবর, ২২ নভেম্বর রবিবার ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম)-এর সম্পূর্ণ অংশে সকাল ৯টা থেকে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছন্দে মেট্রো চলাচল করবে। পাশাপাশি ব্লু লাইনের পাশাপাশি অরেঞ্জ লাইন এবং ইয়েলো লাইনেও প্রতিদিনের মতোই স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে।
শুক্রবার ‘আমার মেট্রো কলকাতা’-র তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের কথা জানানো হয়। মেট্রো কর্তৃপক্ষের মতে, নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত থাকায় ছুটির দিনে যাত্রীদের যাতায়াতে আর কোনও ভোগান্তির আশঙ্কা রইল না।