ফাঁকা জমি পরিষ্কার না রাখলেই সম্পত্তি করে মোটা জরিমানা! বড় হুঁশিয়ারি পুরমন্ত্রীর

ফের ‘মুখোমুখি’ কর্মসূচিতে নাগরিকদের অভাব-অভিযোগ শুনলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরে বসে ফোনে পৌনে দু-ঘণ্টা ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমস্যা শোনেন তিনি। এই কর্মসূচিতে সবচেয়ে বেশি ফোন এসেছে ৬৫ বছরের ঊর্ধ্বে থাকা প্রবীণ নাগরিকদের কাছ থেকে। বেআইনি নির্মাণ, জলাশয় ভরাট, ফুটপাত দখল, সিন্ডিকেট এবং স্থানীয় দাদাগিরির মতো একাধিক অভিযোগ শুনে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

এদিন বাড়ির পাশের ফাঁকা জমিতে জঙ্গল হয়ে মশার উপদ্রব বাড়ার অভিযোগ ওঠে। বালি থেকে এক প্রবীণ ফোন করে এলাকায় ডেঙ্গি ও চিকনগুনিয়ার প্রকোপের কথা জানান। এই প্রসঙ্গে জমির মালিকদের কড়া হুঁশিয়ারি দিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “আপনার যদি জমি থাকে, তা আপনাকে পরিষ্কার করে রাখতে হবে। আপনি কবে ১০-২০ বছর বাদে কিছু বানাবেন, তার জন্য জমি জঙ্গল হয়ে থাকবে, ডেঙ্গি-ম্যালেরিয়া হবে আর লোকে কষ্ট পাবে, এটা তো হতে পারে না।” তিনি স্পষ্ট জানান, জমি ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা করা হবে এবং তা সম্পত্তি করের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে।

ফোন কলে পুরনো সিন্ডিকেট এবং স্থানীয় ক্লাবের দৌরাত্ম্যের অভিযোগও উঠে আসে। নিজের জমিতে বাড়ি বানাতে গেলে স্থানীয় ক্লাব জমির ভাগ চাইছে বলে অভিযোগ করেন এক নাগরিক। বিবেক জয়সওয়াল নামে এক ব্যক্তি ফোনে কান্নায় ভেঙে পড়ে জানান, তাঁর সমস্ত জমি দখল হয়ে যাওয়ায় তিনি সর্বস্বান্ত। প্রোমোটারের বিরুদ্ধে ফ্ল্যাট হাতানোর অভিযোগও জমা পড়ে। পাশাপাশি, একটি আবাসনের এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বয়স্ক মহিলাদের মারধরের অভিযোগও ওঠে। এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “৫০ বছর ধরে চূড়ান্ত অরাজকতা চলেছে। যে যা পেরেছে, করেছে। আর টিএমসির ঝান্ডা আর কর্মী থাকলে তো কোনও কথাই নেই।” বয়স্ক মহিলাদের ওপর হেনস্থার প্রসঙ্গে তিনি জানান, “এই সরকারে তো আমরা এগুলো তো অ্যালাও করব না। পুলিশকে দিয়ে যথাসম্ভব ব্যবস্থা আমরা নেব এবং কেএমসিও রয়েছে।”

ফুটপাত দখল ও যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পুরমন্ত্রী। প্রবীণদের অভিযোগ, ফুটপাত দখল হয়ে যাওয়ায় হাঁটার জায়গা নেই, ফুটপাতে রান্না বা বেআইনি দোকানের ধোঁয়ায় বাসিন্দাদের নাভিশ্বাস উঠছে এবং রাস্তার দু’ধারে বাইক পার্কিংয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এই সমস্যার সমাধানে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর ও হাওড়া পুলিশকে রাস্তার একদিকে পার্কিং করার নির্দেশ দিয়েছেন তিনি। সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে অগ্নিমিত্রা বলেন, “মানুষ চলতে পারছে না। ফুটপাতে হাঁটতে পারাও মানুষের গণতান্ত্রিক অধিকার।”

এছাড়া মিউটেশন, জন্ম ও মৃত্যুর শংসাপত্র পেতে হয়রানি, নিকাশি নালা পরিষ্কার না হওয়া এবং জলের পাইপ বসানোর কাজে ত্রুটির মতো অভিযোগও জমা পড়ে। পুরসভাগুলিতে নির্বাচিত বোর্ড বা কাউন্সিলর না থাকলেও পরিষেবা সচল রাখতে দফতর বদ্ধপরিকর বলে জানান তিনি। তাঁর আশ্বাস, “সমাধান হতে হয়তো একদিন, দু-দিন, সাত দিনও লাগতে পারে। কিছু কিছু বিষয় যেমন মিউটেশন, বার্থ সার্টিফিকেট এগুলো তো সময় লাগবে। কিন্তু ড্রেন পরিষ্কার, গাছ কাটা, এলাকা পরিষ্কার, জলাশয় দখলমুক্ত করা, এগুলো আমরা একদম দ্রুত অ্যাকশন নেব।” আগামী দিনে কোন পুরসভা বা নিগমকে নিয়ে পরবর্তী ‘মুখোমুখি’ কর্মসূচি হবে, তা দফতরের ইউডিএমএ (UDMA) পেজ-এ জানিয়ে দেওয়া হবে বলে জানান পুরমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *