“অপরাধীর উপর ভরসা নেই, গুলি চালালে খাবেই!” নানুর কাণ্ডে পুলিশের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলীপের

বোলপুরের নানুরে এনকাউন্টারে পুলিশকে গুলি-কাণ্ডে অভিযুক্ত রতন শেখের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সম্পূর্ণরূপে পুলিশের পাশেই দাঁড়িয়েছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর সাফ মন্তব্য, “পুলিশ আর গুলি খাবে না, দুষ্কৃতীদের উপরে পাঠিয়ে দেবে।”

রবিবার মেদিনীপুরে কয়েকটি জগধাত্রী পুজোর উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। পুজো উদ্বোধনের পর সাম্প্রতিক এনকাউন্টারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যে সমাজবিরোধী, যে গুলি চালাচ্ছিল সে তো গুলি খাবেই। আইনের বাইরে গেলে, পুলিশের বিরুদ্ধে গেলে সে গুলি খাবে। এটা ঘোষণা করা হয়েছে যা এখন চলতে থাকবে।” পাশাপাশি রাজ্যের সমস্ত দুষ্কৃতীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা এই ধরনের দুষ্কৃতী আছে, তারা যেন সাবধান হয়ে যান।”

গত কয়েক মাসে রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনা ঘটেই চলেছে। বোলপুরের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে এনকাউন্টারের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। এর আগে নিহত দুষ্কৃতী রতন শেখের বিরুদ্ধে এক পুলিশকর্মীর পায়ে গুলি করে পালিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করতেই রতনকে নানুরের উচকরণ গ্রামের ইটভাটায় নিয়ে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সুকৌশলে ওই বন্দুকটি হাতে পেয়ে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন শেখ, যা একটি পুলিশ গাড়িতে গিয়ে লাগে।

পরিস্থিতি সামাল দিতে পুলিশও পালটা গুলি চালায়। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন রতন শেখ। তাঁকে দ্রুত নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। এর আগে এই বিষয়ে মন্তব্য করে বলা হয়েছিল, পুলিশকে কেউ গুলি করলে তাকে বাতাসা দেওয়া হবে না। সেই সুরেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন দিলীপ ঘোষও।

বিচার ব্যবস্থার উপর পুলিশের ভরসা থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠলে, তার পালটা যুক্তি দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আদালতের উপর নিশ্চয়ই ভরসা রয়েছে, কিন্তু অপরাধীর উপর কোনও ভরসা নেই। যদি গুলি চালায়, গুলি খাবেই। সেখানে আদালতের প্রসঙ্গই ওঠে না। দুষ্কৃতী যদি আদালত না মানে, পুলিশ কেন আইন মেনে গুলি খাবে?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *