নিজেরা না গিয়ে সিপিএমকে আদালতে পাঠাচ্ছে!” পুরভোট পেছনো নিয়ে বাম-তৃণমূল গোপন আঁতাত নিয়ে বিস্ফোরক শমীক

আসন্ন পুরসভা নির্বাচন এবং আদালতের মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চড়ছে পারদ। কলকাতা ও হাওড়া পুরনিগমে নির্বাচন বিলম্বিত হওয়া এবং আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে সিপিএম ও তৃণমূল কংগ্রেসকে এক ফ্রেমে বেঁধে কড়া আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। নিউ আলিপুরের একটি কর্মসূচি থেকে বিরোধীদের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক মন্তব্য করে তিনি দাবি করেন, নির্বাচনে হারের ভয়েই কুশীলব বদল করে নতুন ছক কষা হচ্ছে।

সিপিএম ও তৃণমূলের ‘অদৃশ্য জোট’ নিয়ে তোপ:পুরভোট পিছিয়ে যাওয়া প্রসঙ্গে শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, “ভোটে জিততে পারবে না জেনেই নিজেদের আড়াল করতে সিপিএমকে কোর্টে পাঠিয়েছে তৃণমূল”। তাঁর অভিযোগ, রাজনৈতিক ময়দানে পেরে না উঠে আইনি প্যাঁচে ফেলে ভোট প্রক্রিয়া ঝুলিয়ে রাখার চক্রান্ত চলছে। এই প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “ভোট পিছোতেই টিএমসি-সিপিএম একজোট!”

বাম শিবিরের বর্ষীয়ান নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা করতেও ছাড়েননি শমীক। পুরোনো দিনের প্রসঙ্গ টেনে তিনি তীর্যক মন্তব্য করেন, “বিকাশ ভট্টাচার্য একসময় লজ্জা পেতেন রাজ্যসভায় তৃণমূলের পাশে বসতে। আর আজ তাঁদের সঙ্গেই আইনের লড়াইয়ে হাত মেলাচ্ছে বামেরা!”

পরিষেবা বন্ধ ও বোর্ড ভাঙা নিয়ে সাফাই:কলকাতা ও হাওড়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হওয়া প্রসঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন শমীক। তাঁর অভিযোগ, “কলকাতা ও হাওড়ায় সাধারণ মানুষের পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে তৃণমূল”। তবে পুরবোর্ড ভেঙে দেওয়া সংক্রান্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, দলীয় অন্তর্কলহের জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শমীকের কথায়, “আমরা কোনও পুরবোর্ড ভেঙে দিইনি। কলকাতার মেয়রকে কেউ চলে যেতে বলেনি।”

পাশাপাশি হুঁশিয়ারির সুরে তিনি বলেন, নির্বাচন যতই পিছিয়ে দেওয়া হোক না কেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আখেরে লাভ কার হবে তা সময়ই বলবে। শমীকের দাবি, “ভোট পিছলে পুরসভায় বিজেপিরই লোক থাকবে।” সবমিলিয়ে, পুরভোটের জল কোন দিকে গড়ায় এবং আদালতের রায় কী আসে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *