“গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই এনকাউন্টার”-খতম কনস্টেবলকে গুলিতে অভিযুক্ত রতন শেখ

গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উত্তপ্ত হয়ে ওঠে শান্তিনিকেতন এলাকা। থানার লাইক বাজার এলাকায় বোলপুর-নানুর প্রধান সড়কের ধারে একটি বন্ধ বেসরকারি নার্সিংহোমের সামনে কুখ্যাত অভিযুক্ত রতন শেখের মুখোমুখি হন কর্তব্যরত পুলিশকর্মীরা। তাঁকে পাকড়াও করার চেষ্টা করতেই পুলিশের ওপর চড়াও হয় রতন এবং সোজাসুজি গুলি চালায়। এই আকস্মিক হামলায় কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ে গুলি লাগে। এরপর সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।

ততক্ষণাৎ আহত বিশ্বজিৎ দাসকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে আহত পুলিশকর্মীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সাহসিকতার প্রশংসা করে চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক পুরস্কার এবং পদোন্নতির বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন তিনি।

গ্যাংস্টার রতনের লম্বা অপরাধের তালিকা

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত রতনের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, রতনের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। অন্যদিকে স্থানীয় থানাগুলির রেকর্ড বলছে, শুধুমাত্র নানুর, বোলপুর ও শান্তিনিকেতন থানাতেই তার বিরুদ্ধে ১২টিরও বেশি মামলা ঝুলছে। চুরি, ডাকাতি থেকে শুরু করে মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ২৬ জুলাই গ্রেফতার হওয়ার পর শুক্রবার সে কীভাবে জামিন পেল, সেই প্রশ্নও উঠেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

চার থানার যৌথ তল্লাশি অভিযান

পুলিশ কনস্টেবলকে গুলি করার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। বোলপুর, নানুর, কীর্ণাহার ও শান্তিনিকেতন—এই চার থানার পুলিশ যৌথভাবে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। অপরাধীর নাগাল পেতে বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হোটেল এবং জাতীয় সড়কে নজরদারি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। এমনকি রতনের গ্রামের বাড়িতেও পুলিশ হানা দেয়। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছিলেন যে অভিযুক্তের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। চারপাশ থেকে যখন চার থানার পুলিশ তাকে ঘিরে ফেলার চেষ্টা চালাচ্ছে, ঠিক তখনই এনকাউন্টারের এই খবরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *