“লোকপ্রসার শিল্পীদের ভাতা বৃদ্ধি!”-ঝাড়গ্রামের সভা থেকে কী কী প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

পূর্বের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে লোকশিল্পীদের আর্থিক সহায়তার জন্য ‘লোকপ্রসার প্রকল্প’ চালু হয়েছিল। এর আওতায় ১৮ থেকে ৬০ বছর বয়সি নথিভুক্ত শিল্পীরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন। রবিবার ঝাড়গ্রামের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন যে, আগামী বাজেটেই এই লোকপ্রসার শিল্পীদের ভাতা আরও বাড়ানো হবে।

পাশাপাশি ঝাড়গ্রামের সার্বিক উন্নয়ন নিয়ে বড় বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে, ভবিষ্যতে ঝাড়গ্রামে আগামী দিনে একটিও কাঁচা বাড়ি, টিনের বাড়ি বা টালির বাড়ি থাকবে না। এছাড়া এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।

আদিবাসী কল্যাণ ও বিলুপ্তপ্রায় জনজাতিগোষ্ঠী নিয়ে বড় ঘোষণা

রাজ্যের ‘পার্টিকুলারলি ভালনারেবেল ট্রাইবাল গ্রুপ’ (পিভিটিজি) বা বিলুপ্তপ্রায় জনজাতিগোষ্ঠীর তালিকায় বিরহোড়, লোধা এবং টোটো গোষ্ঠীর পাশাপাশি এবার শবর গোষ্ঠীর মানুষদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। রবিবার এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিলুপ্তপ্রায় জনজাতিগোষ্ঠীর ৭৫ হাজার মানুষকে বিশেষ রেশন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে ঝাড়গ্রামে একটি আধুনিক আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণাও করেছেন তিনি। এ দিন রাজ্যের ৭৫০ জন আদিবাসীর হাতে সরকারি পাট্টাও তুলে দেওয়া হয়েছে।

পরিকাঠামো উন্নয়ন এবং ভুয়ো সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা

ঝাড়গ্রামের যোগাযোগ ও পরিকাঠামো উন্নত করতে বেশ কিছু নতুন প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে কাথুয়া খাল, তারাফেনি ব্রিজ, আমকলা ও আমদই ব্রিজ নির্মাণ। এমনকি ডুলুং নদীর উপরে নতুন রাস্তা নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, জালিয়াতি রুখতে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, অতীতে বহু মানুষকে ভুয়ো এসটি (তফসিলি উপজাতি) সার্টিফিকেট দেওয়া হয়েছিল। সেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতিমধ্যেই এমন ৭৩ জনকে চিহ্নিত করে তাঁদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। ঝাড়গ্রামের এই জনসভায় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের মর্যাদা ও অধিকার রক্ষায় সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *