ছটপুজোয় মাংসের দোকান বন্ধ আর লাল কাপড় দিয়ে ঢাকার নির্দেশ! রামপুরহাটে খাদ্য রাজনীতি নিয়ে তুঙ্গে বিতর্ক

দুর্গাপুজো বা কালীপুজোর মরশুম পেরোলেও উৎসবের রেশ কাটতে না কাটতেই এবার ছটপুজোকে কেন্দ্র করে শুরু হলো নতুন রাজনৈতিক তরজা। বীরভূমের রামপুরহাট পুরসভার একটি নির্দেশিকা ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে বইছে সমালোচনার ঝড়। ছটপুজো উপলক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত মাংসের দোকান বন্ধ রাখা এবং খোলা জায়গায় বিক্রির ক্ষেত্রে লাল কাপড় দিয়ে তা ঢাকার নির্দেশ দেওয়া হয়েছে— আর এই নিয়েই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

কী নির্দেশ দিয়েছে পুরসভা? কলকাতা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত বীরভূমের রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেন। ওই নির্দেশিকায় জানানো হয়, ছটপুজো উপলক্ষে গত ১৫ ও ১৬ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সমস্ত মাংসের দোকান বন্ধ রাখতে হবে। এরপর দোকান খোলার অনুমতি মিললেও নির্দিষ্ট কিছু নিয়ম মেনে ব্যবসা করতে হবে। বিশেষ করে, কাঁচা মাংস বিক্রির সময় দোকানের সামনে বা চারপাশ লাল কাপড় বা রঙিন পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে।

এই নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু হয় জল্পনা। সমালোচকদের প্রশ্ন, ছটপুজো বা কোনো বিশেষ ধর্মীয় উৎসবের সঙ্গে মাংসের দোকান বন্ধ রাখার বা লাল কাপড় দিয়ে ঢাকার সম্পর্ক কী? রামপুরহাটের পাশেই অবস্থিত বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠ। সেখানে কৌশিকী অমাবস্যা কিংবা কালীপুজোর মতো বড় ধর্মীয় উৎসবেও কখনও মাংসের দোকান বন্ধ রাখার এমন নির্দেশ জারি করা হয়নি বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ।

পুরসভার সাফাই ও চেয়ারম্যানের বক্তব্য তবে এই সিদ্ধান্তের পেছনে অন্য একটি গুরুতর কারণ তুলে ধরেছেন রামপুরহাটের পুরপ্রধান সৌমেন ভকত। তাঁর দাবি, আদালতের সামনে অবস্থিত দুটি মাংসের দোকান থেকে প্রকাশ্যে পশু জবাই করা হচ্ছিল এবং রাস্তার ধারে তা বিক্রি করা হচ্ছিল। ওই রাস্তা দিয়েই নিয়মিত স্কুলপড়ুয়ারা যাতায়াত করে, ফলে এই দৃশ্য নিয়ে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের তরফে আপত্তি উঠছিল। দোকানদারদের এর আগে মৌখিকভাবে একাধিকবার রঙিন পর্দা বা লাল কাপড় দিয়ে দোকানের সামনের অংশ ঢেকে ব্যবসা করার অনুরোধ জানানো হলেও তারা তা শোনেননি।

চেয়ারম্যানের মতে, শেষ পর্যন্ত বাধ্য হয়েই প্রশাসনিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতেই ঠিক হয় যে, পুজোর কদিন নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান বন্ধ রাখা হবে এবং পরবর্তীতে নির্দেশিকা মেনে ব্যবসা করতে হবে। এটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত নয়, বরং জনস্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে সাফাই দিয়েছেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক বিতর্ক পুরসভার এই যুক্তি মানতে নারাজ বিরোধীদের একাংশ। তাঁদের অভিযোগ, বাংলার দীর্ঘদিনের খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর একপ্রকারে হস্তক্ষেপ করা হচ্ছে। মাছ-মাংস বাঙালির দৈনন্দিন খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। বিভিন্ন ধর্মীয় উৎসব ও সামাজিক অনুষ্ঠানেও রাজ্যের বহু মানুষ আমিষ খাবার খেয়ে থাকেন। তাই একটি নির্দিষ্ট উৎসবের অজুহাতে মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ কতটা যুক্তিসংগত, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

এমনকি এই ঘটনায় দলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে। তৃণমূল নেতা মিল্টন রশিদও এই নির্দেশিকার বিরোধিতা করেছন। তাঁর বক্তব্য, দীর্ঘকাল ধরে প্রতিবেশীরা শান্তিপূর্ণভাবে ছটপুজো পালন করে আসছেন, কিন্তু হঠাৎ করে এই ধরনের নিষেধাজ্ঞা কেন জারি করা হলো? কে কী খাবেন বা কোথায় যাবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার মানুষের নিজস্ব। হঠাৎ এমন ফরমান জারির যৌক্তিকতা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন।

সবমিলিয়ে, প্রশাসনিক নজরদারি ও জনস্বার্থ রক্ষার যুক্তির আড়ালে ছটপুজোয় মাংস বিক্রি নিয়ে রামপুরহাটে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে, তা সহজে থামার নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *