ক্যামেরার সামনে আসতেই পায়ে হাত দিয়ে প্রণাম ডায়ালেক্ট কোচের! সেটের মাঝেই হাউহাউ করে কেঁদে ফেললেন সাই পল্লবী

অ্যাকশন, কাট! ক্যামেরা বন্ধ হতেই শ্যুটিং ফ্লোরে নিজের মতো ব্যস্ত সাই পল্লবী। পরের দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা ফোনে ব্যস্ত রয়েছেন—সবকিছুই স্বাভাবিক ছন্দে চলছিল। কিন্তু আচমকাই এমন এক অভাবনীয় ঘটনা ঘটল, যা দেখে রীতিমতো অবাক হয়ে গেলেন সেটের উপস্থিত সকলে। হঠাৎই সাই পল্লবীর সামনে এসে দাঁড়ান তাঁর ডায়ালেক্ট কোচ। আর কিছু বুঝে ওঠার আগেই সোজা অভিনেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি! কোচের এই কাণ্ডে প্রথমে চমকে ওঠেন সাই। ভাবেন, এ কী করছেন তিনি! কিন্তু পরমুহূর্তেই তিনি লক্ষ্য করেন, ওই কোচের চোখ গলে নামছে জলের ধারা। কারণ, তাঁর সামনে তখন আর অভিনেত্রী সাই পল্লবী দাঁড়িয়ে নেই, তাঁর কাছে তিনি তখন স্বয়ং ‘সীতা মা’। আর একনিষ্ঠ ভক্তের এমন অকৃত্রিম ভক্তি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি অভিনেত্রী; সেটের মাঝেই হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি।

কী বললেন অভিনেত্রী? পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এ দেবী সীতার চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন সাই পল্লবী। পর্দায় তাঁর নিখুঁত অভিনয় ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে। তবে ক্যামেরার পিছনের গল্পটি যে এর চেয়েও অনেক বেশি আবেগময় ও গভীর, তা এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল। সম্প্রতি একটি পডকাস্টে এসে সেই শুটিং স্মৃতির কথাই শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি জানান, ডায়ালেক্ট কোচের ওই আচমকা প্রণাম তাঁকে ভেতর থেকে একেবারে নাড়িয়ে দিয়েছিল।

সাইয়ের কথায়, “উনি তো রোজই আমাকে দেখছেন। একেবারে সাধারণ একজন মেয়ের মতোই মেকআপ করছি, গল্প করছি, ফোনে কথা বলছি। উনি খুব ভালো করেই জানেন আমি সাই পল্লবী। কিন্তু মানুষ যখন কোনো চরিত্রকে মায়ের মতো নিখাদ ভক্তি করে, তখন অভিনেতা আর সাধারণ মানুষের মধ্যের ফারাকটা চিরতরে মুছে যায়। মানুষ তখন শুধু ওই চরিত্রটাকেই নিজের সবটুকু ভালোবাসা দিতে চায়।”

ডায়ালেক্ট কোচের চোখে জল আসার আগেই অবশ্য আবেগ ধরে রাখতে পারেননি সাই নিজেও। তিনি বুঝতে পেরেছিলেন, পর্দায় সীতার চরিত্রটি সাধারণ মানুষের মনে ঠিক কতটা গভীর ও পবিত্র জায়গা করে নিয়েছে। এমনিতেই ভারতীয় সিনেমায় সাই পল্লবী মানেই একরাশ স্নিগ্ধতা ও ন্যাচারাল অভিনয়ের জাদু। মেকআপহীন সাদামাটা লুকেই তিনি বারবার দর্শকদের মন জয় করেছেন। আর সীতার মতো পবিত্র পৌরাণিক চরিত্রে তাঁর এই শান্ত ও স্নিগ্ধ রূপটাই যে সবচেয়ে বেশি জাদুকরী প্রভাব ফেলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সীতা চরিত্রটি নিয়ে আধ্যাত্মিক যোগ দেবী সীতা চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শুরু থেকেই সাই পল্লবীর মধ্যে একটা বিশেষ আধ্যাত্মিক যোগ তৈরি হয়েছিল। এর আগে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে অভিনেতা রণবীর কাপুর এবং রবি দুবের সঙ্গে এই ছবির প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানেও সীতা চরিত্র নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছিলেন অভিনেত্রী। সাই জানিয়েছিলেন, অন্য কোনো চরিত্রের কাজ শুরু করার আগে তিনি মূলত ভাবেন যে ওই চরিত্রটিকে তিনি কী দিতে পারবেন। কিন্তু ‘রামায়ণ’-এর ক্ষেত্রে তাঁর ভাবনাচিন্তা ছিল সম্পূর্ণ আলাদা। তিনি ভেবেছিলেন, এই মহান চরিত্রের কাছ থেকে তিনি নিজে কী শিখতে পারবেন। তাই খুব বেশি অতিরিক্ত মানসিক চাপ না নিয়ে, দেবী সীতার কাছে প্রার্থনা করেই তিনি শ্যুটিং শুরু করেছিলেন।

বক্স অফিসে ঝড় ও ভক্তদের ভালোবাসা গত ৫ নভেম্বর মুক্তি পেয়েছে নীতেশ তিওয়ারির এই মেগাবাজেট ছবি ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’। ছবিতে রামের ভূমিকায় রণবীর কাপুর, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং লঙ্কার রাজা রাবণের ভূমিকায় নজর কেড়েছেন অভিনেতা যশ। মুক্তির পর থেকেই বক্স অফিসে কার্যত সুনামি তুলে ফেলেছে এই ছবি। মাত্র আট দিনের মাথায় হাজার কোটির ক্লাবে প্রবেশ করে অবিশ্বাস্য রেকর্ড গড়েছে।

তবে বক্স অফিসের কোটি টাকার এই ব্যবসার চেয়েও সাই পল্লবীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বোধহয় সাধারণ মানুষের এই নিঃস্বার্থ ভক্তি আর নিখাদ ভালোবাসা। পর্দার সীতা যে সত্যিই সমাজের প্রতিটি মানুষের ঘরের মেয়ে হয়ে উঠেছেন, ডায়ালেক্ট কোচের ওই সশ্রদ্ধ প্রণাম তারই এক জলজ্যান্ত প্রমাণ। সোশ্যাল মিডিগিয়ার পাতায় এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হতে সময় নেয়নি। স্টারডমের অহংকার দূরে সরিয়ে সাই পল্লবীর এমন মাটির কাছাকাছি থাকা স্বভাবই আরও একবার প্রমাণ করে দিল কেন তিনি সকলের এত প্রিয়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *