স্ত্রীকে আফ্রিকা যেতে দিতে হবে না! অদ্ভুত ফন্দি এঁটে প্লেন হাইজ্যাকের হুমকি দিয়ে ধরা পড়লেন ক্যানসার আক্রান্ত প্রৌঢ়

‘হাইজ্যাক করা হবে’—পাইলটের ককপিটে এমন একটি হুমকি চিঠি পড়ে থাকায় বুধবার কার্যত হইচই পড়ে গেল কলকাতা বিমানবন্দরে। কলকাতা থেকে মুম্বইগামী একটি উড়ানে হাইজ্যাক অ্যালার্ট আসার পরেই যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বিমানটি থেকে নামিয়ে আনা হয় সকল যাত্রীকে। এই চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নেমে অবশেষে এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত প্রৌঢ়ের নাম পার্থপ্রতিম নন্দী (৫৬)। বিমানবন্দর সূত্রে খবর, অভিযুক্ত ওই প্রৌঢ় নিজে ক্যানসার আক্রান্ত।
কেন হাইজ্যাকের হুমকি দিয়েছিলেন তিনি? পুলিশি জেরায় যে তথ্য উঠে এসেছে, তা শুনলে যে কেউ অবাক হবেন। জানা গিয়েছে, অভিযুক্ত প্রৌঢ়ের পাশাপাশি তাঁর স্ত্রীও ক্যানসার আক্রান্ত। সম্প্রতি কাজের সুবাদে প্রৌঢ়কে আফ্রিকা চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অসুস্থ স্ত্রীকে দেশে একা ফেলে যেতে একেবারেই নারাজ ছিলেন তিনি। সেই কারণেই অফিসের বা কাজের তাড়া থেকে বাঁচতে এবং আফ্রিকায় যাওয়া যেকোনো মূল্যে ভণ্ডুল করতেই তিনি বিমান হাইজ্যাকের এই ভুয়ো হুমকি চিঠি লিখেছেন। জেরার মুখে অভিযুক্ত নিজেই এই কথা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
কীভাবে ধরা পড়লেন অভিযুক্ত? বুধবার সকাল ১০টা ২৫ মিনিট নাগাদ কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, পাইলট ককপিটে উঠেই দেখতে পান একটি চিরকুটে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে—‘বিমানটি হাইজ্যাক হবে’। এরপর আর এক মুহূর্তও সময় নষ্ট না করে পাইলট সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) যোগাযোগ করেন। তড়িঘড়ি বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। নিরাপদ দূরত্বে নামিয়ে আনা হয় সমস্ত যাত্রীকে।
তদন্তে নেমে নিরাপত্তা আধিকারিকরা দেখতে পান, যে সাদা চিরকুটে হাইজ্যাকের হুমকি দেওয়া হয়েছে, তাতে একটি নির্দিষ্ট বোতামের বা কোনো বস্তুর ছাপ স্পষ্ট রয়েছে। এরপর যাত্রীদের লাগেজ ও পার্স তল্লাশি শুরু হয়। সেই ছাপের সঙ্গে মিলিয়েই অবশেষে পার্থপ্রতিম নন্দীকে চিহ্নিত করে সিআইএসএফ। পরে তাঁকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে আকস্মিক এই ঘটনায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। অনেকের জরুরি চিকিৎসার জন্য মুম্বই যাওয়ার কথা ছিল, কেউ বা যাচ্ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে। কিন্তু এই কাণ্ডকারখানায় সমস্ত পরিকল্পনা ভেস্তে যাওয়ায় তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন সহযাত্রীরা।