“অন্য পুরুষের সঙ্গে ফোনালাপ মানেই পরকীয়া নয়!”-স্বামীর আর্জি খারিজ করে দিল হাইকোর্ট

স্ত্রী তাঁর কোনো পুরুষ বন্ধুর সঙ্গে ফোনে কথা বললেই তাঁকে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে দাগিয়ে দেওয়া যায় না। যদি কোনো স্বামী এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলেন, তবে তা স্ত্রীর প্রতি ‘মানসিক নিষ্ঠুরতা’র সমান। সম্প্রতি একটি বিবাহবিচ্ছেদের মামলা খারিজ করে এমনই স্পষ্ট ও তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ জানিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি এমএস সোনাক এবং বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ।

ঠিক কী ছিল মামলার পটভূমি?

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালে ওই দম্পতির বিয়ে হয় এবং তাঁদের দুটি সন্তানও রয়েছে। এরপর ২০২১ সালে স্বামী পারিবারিক আদালতে (ফ্যামিলি কোর্ট) বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। স্বামীর অভিযোগ ছিল, তাঁর স্ত্রী দাম্পত্য জীবন নিয়ে সম্পূর্ণ উদাসীন এবং তিনি এক অজ্ঞাতপরিচয় পুরুষের সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতেন, যা নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে অশান্তি হতো। স্বামীর আরও দাবি ছিল, ২০১৫ সাল থেকেই স্ত্রী স্বেচ্ছায় শ্বশুরবাড়ি ছেড়ে বাপেরবাড়ি চলে গিয়েছেন।

অন্যদিকে, স্ত্রীর পাল্টা অভিযোগ ছিল যে, শ্বশুরবাড়িতে তাঁকে পণপ্রথার জন্য নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো, যার জেরে তিনি বাধ্য হয়ে বাপেরবাড়ি চলে আসেন। এমনকি স্বামীও পরবর্তীতে সম্পর্ক স্বাভাবিক করার কোনো উদ্যোগ নেননি। উভয় পক্ষের বক্তব্য শোনার পর পারিবারিক আদালত স্ত্রীর পক্ষেই রায় দিয়ে স্বামীর বিবাহবিচ্ছেদের আর্জি খারিজ করে দেয়। নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই ব্যক্তি। তবে সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে গেল।

হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ ও জেন্ডার স্টেরিওটাইপ

উচ্চ আদালত রায়ে স্পষ্ট জানিয়েছে, “স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে কথা বললেই তিনি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন— এই ধরনের অভিযোগ আদতে লিঙ্গভিত্তিক কিছু প্রাচীন ধারণার (জেন্ডার স্টেরিওটাইপ) বশবর্তী হয়ে তোলা হয়। আমরা মনে করি, এই ধরনের ভিত্তিহীন ও সন্দেহপ্রবণ অভিযোগ স্ত্রীর প্রতি মানসিক নিষ্ঠুরতার সমতুল্য।”

পাশাপাশি, আদালত এও দেখেছে যে, স্বামীর পক্ষে যাঁরা সাক্ষ্য দিয়েছেন, তাঁরা কেউ পরিবারের সদস্য নন, বরং তাঁরা তাঁর বন্ধু ও সহকর্মী। ফলে তাঁদের সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। তাছাড়া, দম্পতির ১১ বছরের কন্যাসন্তান আদালতে যে জবানবন্দি দিয়েছিল, তাও আদালত বিশেষ গুরুত্ব দেয়নি; কারণ ওই নাবালিকা নিজেই স্বীকার করেছিল যে তার বাবা যা শিখিয়ে দিয়েছিল, সে সেটাই আদালতে বলেছে। এছাড়া ২০১৫ সালে দম্পতির মধ্যে যে সমঝোতা হয়েছিল, তাতে স্ত্রী একসঙ্গে থাকতে চাইলেও স্বামীই রাজি হননি। ফলে স্ত্রীর বিরুদ্ধে ‘বাড়ি ছেড়ে চলে যাওয়ার’ যে অভিযোগ স্বামী এনেছিলেন, তাও আদালতে ধোপে টেকেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *