স্টিম ইঞ্জিন অতীত, বসছে ভয়ংকর ডিজেল শক্তি! ভারত মহাসাগরে কাঁপন ধরাতে রেডি আইএনএস বেতোয়া

ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সামুদ্রিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে আরও একধাপ এগিয়ে নিতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। ভারতীয় নৌবাহিনীর অত্যন্ত শক্তিশালী ব্রহ্মপুত্র শ্রেণির যুদ্ধজাহাজ ‘আইএনএস বেতোয়া’ (INS Betwa)-র আমূল সংস্কার ও আধুনিকীকরণের জন্য প্রায় ৪৯৮.৫৮ কোটি টাকার একটি মেগা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার নয়াদিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রক এবং কোচিন শিপইয়ার্ড লিমিটেডের (CSL) শীর্ষ আধিকারিকদের মধ্যে এই ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বহু পুরনো এই যুদ্ধজাহাজের প্রাচীন প্রযুক্তি বদলে তাকে আধুনিকতম সামরিক সক্ষমতায় সজ্জিত করা।

বাষ্পীয় যুগের অবসান, আসছে শক্তিশালী ডিজেল ইঞ্জিন

এই আধুনিকীকরণ প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আইএনএস বেতোয়ার প্রপালশন বা চালনা ব্যবস্থার আমূল পরিবর্তন। বর্তমানে যুদ্ধজাহাজটিতে যে পুরনো বাষ্পচালিত (Steam Propulsion) ব্যবস্থা রয়েছে, তা সম্পূর্ণ সরিয়ে ফেলে তার জায়গায় বসানো হবে অত্যন্ত আধুনিক ডিজেল ইঞ্জিনভিত্তিক প্রপালশন সিস্টেম।

যেকোনো যুদ্ধজাহাজের গতিবেগ, সমুদ্রে দীর্ঘ সময় টিকে থাকা এবং দ্রুত কৌশল পরিবর্তনের ক্ষেত্রে প্রপালশন ব্যবস্থার ভূমিকা অপরিসীম। বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের মতে, স্টিম থেকে আধুনিক ডিজেল ইঞ্জিনে রূপান্তর আইএনএস বেতোয়ার যুদ্ধক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

অস্ত্রভাণ্ডারে মারাত্মক সংযোজন

শুধু ইঞ্জিন পরিবর্তনই নয়, জাহাজটির সামগ্রিক যুদ্ধ পরিচালনার ক্ষমতায় আনা হচ্ছে বিরাট পরিবর্তন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, এতে সংযোজন করা হবে আধুনিকতম ওয়েপন স্যুট বা উন্নত অস্ত্রব্যবস্থা। এর ফলে সমুদ্রপথে প্রতিপক্ষের যেকোনো ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মুহূর্তের মধ্যে মোকাবিলা করতে সক্ষম হবে এই রণতরী। আন্তর্জাতিক বাণিজ্য পথ ও জ্বালানি পরিবহণের নিরাপত্তা রক্ষা এবং ভারত মহাসাগরে নজরদারি জোরদার করতে এই আধুনিকীকরণ অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।

‘আত্মনির্ভর ভারত’ ও মেক ইন ইন্ডিয়ার বড় সাফল্য

প্রতিরক্ষা খাতে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় পরিকাঠামো মজবুত করাই কেন্দ্র সরকারের অন্যতম লক্ষ্য। এতদিন যুদ্ধজাহাজের জটিল প্রযুক্তিগত পরিবর্তন বা ইঞ্জিনের বড় ধরনের সংস্কারের জন্য বিদেশের ওপর নির্ভর করতে হতো। কিন্তু কোচিন শিপইয়ার্ডের হাত ধরে এই জটিল কাজ দেশে সম্পন্ন হওয়ায় ভারত সামুদ্রিক প্রযুক্তিতে নতুন মাইলফলক স্পর্শ করল।

৫০টিরও বেশি MSME পাবে সুযোগ, বাড়বে কর্মসংস্থান

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই মেগা প্রজেক্টের ইতিবাচক প্রভাব পড়বে দেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি (MSME) শিল্পখাতেও। আইএনএস বেতোয়ার সংস্কারে ৫০টিরও বেশি দেশীয় MSME সংস্থা সরাসরি যুক্ত হতে চলেছে।

জাহাজের যন্ত্রাংশ সরবরাহ, ইঞ্জিন সামগ্রী ও প্রযুক্তিগত সরঞ্জাম তৈরির দায়িত্ব পাবে এই সংস্থাগুলি। এর ফলে শুধু বড় প্রতিরক্ষা ক্ষেত্রই শক্তিশালী হবে না, বরং ছোট ও মাঝারি শিল্পের হাত ধরে দেশে প্রচুর নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে, ‘আত্মনির্ভর ভারত’ গড়তে আইএনএস বেতোয়ার এই রূপান্তর এক ঐতিহাসিক অধ্যায় হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *