টলিউডে ফের বিয়ের সানাই! ৫ ডিসেম্বরই কি সাতপাকে বাঁধা পড়ছেন মিমি চক্রবর্তী? পাত্র কে?

বাংলা বিনোদন জগতে কি তবে এবার সত্যি সত্যিই বাজতে চলেছে বিয়ের সানাই? দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক রাখলেও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) বিয়ে নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে। শোনা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বরই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী। আর সেই জল্পনাতেই নতুন মাত্রা যোগ করেছে বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির সাম্প্রতিক উপস্থিতি।
সব্যসাচীর স্টোরে কেন হাজির মিমি?
বলিউড থেকে শুরু করে টলিউডের প্রথম সারির তারকাদের বিয়ের পোশাক মানেই সবার আগে উঠে আসে সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম। দীপিকা, আলিয়া, কিয়ারার পর এবার কি তবে সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গাতেই সাজবেন মিমি? সম্প্রতি সাদা টি-শার্ট ও ডেনিম পরে নিজের মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্টকে সঙ্গে নিয়ে কলকাতার নামী সেই ডিজাইনারের স্টোর থেকে বের হতে দেখা যায় অভিনেত্রীকে। পাপারাৎজির ক্যামেরায় সেই ছবি ধরা পড়ামাত্রই টলিপাড়ায় শুরু হয়ে যায় ফিসফাস।
পাত্র কে? কোথায় বসছে বিয়ের আসর?
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, বিনোদন জগতের বাইরের এক ব্যক্তির সঙ্গেই দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন মিমি। শোনা যাচ্ছে, নৌসেনার সঙ্গে যুক্ত সিদ্ধার্থ নামের এক যুবকের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
নভেম্বরের মধ্যেই আইনি পর্ব সেরে ফেলার গুঞ্জন শোনা গেলেও, মূল বিয়ের অনুষ্ঠান নিয়ে সবচেয়ে বড় চমক রয়েছে ভেন্যুতে। শহরের কোলাহল থেকে দূরে, জলপাইগুড়ির মেয়ের পাহাড়ি প্রেমের টানেই নাকি কালিম্পংয়ের কোনো শান্ত পরিবেশে বসবে এই জুটির বিয়ের আসর। পাহাড়ের কোলে ঘরোয়াভাবে বিয়ে সেরে কলকাতায় ফিরে ইন্ডাস্ট্রির বন্ধু ও পরিচিতদের জন্য জমকালো রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে তাঁদের।
যদিও নিজের বিয়ে বা সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি মিমি চক্রবর্তী। সব প্রশ্ন এড়িয়ে ব্যক্তিগত পরিসর কঠোরভাবে বজায় রেখেছেন তিনি। তবে ৫ ডিসেম্বরের সম্ভাব্য এই দিনটিকে ঘিরেই এখন চরম উত্তেজনায় দিন কাটাচ্ছেন অনুরাগীরা।