মনামীকে সরাসরি ‘আলু’ বললেন কনীনিকা! বিগ বস বাংলার অন্দরে কার কার বিরুদ্ধে উঠল চরম ক্ষোভ?

‘বিগ বস বাংলা’র শুরু থেকেই মনামী ঘোষের একের পর এক বিশেষ সুবিধা পাওয়া নিয়ে দর্শকদের মনে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। কখনও তাঁকে সঞ্চালকের ভূমিকা দেওয়া হয়েছে, তো কখনও আবার করা হয়েছে রানি। ঘরের বাকিদের সঙ্গে টুকটাক মনকষাকষি হলেও বড় ধরনের কোনো সংঘাতে জড়াতে দেখা যায়নি তাঁকে। তবে এত কিছুর পরেও মনামীর খেলা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন অভিনেত্রী তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সোজাসাপ্টা ভাষায় মনামীর গেমপ্ল্যান নিয়ে প্রশ্ন তুললেন তিনি।
মনামীকে আলুর সঙ্গে তুলনা কনীনিকার
বাঙালি মেগার পরিচিত মুখ কনীনিকা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বিগ বস বাংলা নিয়ে তাঁর মতামত বেশ তাৎপর্যপূর্ণ। যদিও শুরুর দিকে অনুষ্ঠানটি অত্যন্ত আগ্রহের সঙ্গে দেখতেন, তবে বর্তমান পর্বে সেই উৎসাহ অনেকটাই হারিয়েছেন বলে জানান তিনি।
মনামীকে নিয়ে প্রশ্ন করা হলে এক সাক্ষাৎকারে কনীনিকা বলেন, “আমি তো এটাই বুঝতে পারছি না ও কী করে এতদিন টিকে আছে। ও ভীষণ সেফ খেলে। ও ঠিক কী করতে চাইছে, সেটাই বোঝা যায় না। ও আর সোনামণি দুজনেই আলুর মতো। যখন যেদিকে পারছে, সেদিকেই গলে যাচ্ছে। ওর কোনো নিজস্ব মতামত নেই।”
বিতর্কের কেন্দ্রে ড্রাকুলা টাস্ক ও মনামীর ভূমিকা
মনামী যতই ‘সেফ গেম’ খেলুন না কেন, সম্প্রতি রিয়্যালিটি শোয়ের একটি বিশেষ ঘটনায় তাঁর ভূমিকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি ‘ড্রাকুলা টাস্ক’ চলাকালীন প্রতিযোগী সৃজলা যেভাবে নিরঞ্জনকে লাথি মারেন, তাতে বেজায় চতে যান নিরঞ্জন। গোটা ঘটনায় সঞ্চালকের ভূমিকায় থাকা মনামীকে নিরঞ্জনের পক্ষ নিয়ে কথা বলতে দেখা যায়। যার জেরে ঘরের অভ্যন্তরে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
নন্দিনীর আচরণ নিয়ে ক্ষুব্ধ দর্শকমহল
এদিকে, ঘরের মধ্যে নন্দিনী যেভাবে অপর প্রতিযোগী রাজবীরের গায়ে হাত তুলেছেন, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দর্শকমহল। নিয়ম ভেঙে নন্দিনীকে কেন পুনরায় হাউসে ফিরিয়ে আনা হলো এবং তাঁকে অবিলম্বে শো থেকে বহিষ্কার করা হোক—এমন দাবিও জোরালো হচ্ছে নেটপাড়ায়। এখন সপ্তাহান্তে উইকেন্ডের এপিড়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।