বেতন কাঠামো নিয়ে বড় জট কাটল নবান্নে! কোন কোন প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সপ্তম বেতন কমিশনের সুবিধা?

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষাকর্মী এবং বিভিন্ন শিক্ষা পর্ষদের স্থায়ী কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বেতন কাঠামোর জট কাটার বড় ইঙ্গিত মিলল। রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি এবার রাজ্যের এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ও স্থায়ী কর্মচারীদেরও সপ্তম বেতন কমিশনের আওতায় নিয়ে এল রাজ্য সরকার।

বৃহস্পতিবার নবান্ন থেকে অর্থ দফতরের অডিট শাখা এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যপালের সম্মতিক্রমে এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছেন অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাতকুমার মিশ্র।

কোন কোন প্রতিষ্ঠান ও পর্ষদরা সুবিধা পাবে?

অর্থ দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ২৫টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো নামী প্রতিষ্ঠানগুলি।

পাশাপাশি জেলাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেমন— পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়, সিধু কানহো বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এই তালিকার অন্তর্ভুক্ত।

শুধু উচ্চশিক্ষাই নয়, স্কুল ও মাদ্রাসা স্তরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনাকারী তিনটি প্রধান শিক্ষা পর্ষদ—পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদের স্থায়ী কর্মীরাও এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন।

দ্রুত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ

গত ২২ জুলাই রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি নির্দিষ্ট কিছু শ্রেণির কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেছিল নবান্ন। পরবর্তীতে ২৯ জুলাই সেই কমিশনের কাজের পরিধি স্থির করা হয়। সেই সিদ্ধান্তের রেশ ধরেই নতুন এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, কমিশন এবার উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির কর্মীদের বেতন ও চাকরির শর্ত পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখবে। অর্থ দফতরের আদেশে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, কমিশনকে যত দ্রুত সম্ভব এই বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ জমা দিতে হবে।

ইতিমধ্যেই এই সরকারি সিদ্ধান্তের প্রতিলিপি সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান নবীন প্রকাশের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি কমিশনের সদস্য পার্থ মুখোপাধ্যায়, পার্থপ্রতিম পাল এবং সদস্য-সচিব দেবীপ্রসাদ করণমকেও বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে। প্রশাসনিক স্বচ্ছতা ও সমন্বয়ের স্বার্থে বিভিন্ন সংশ্লিষ্ট দফতর, রাজ্যপালের সচিবালয়, মুখ্যমন্ত্রীর সচিবালয় এবং সরকারি গেজেটেও এই নির্দেশিকা প্রকাশের যাবতীয় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *