আজাদ ময়দানে রণবীরের ছবির শুটিং! ছোটদের ক্রিকেট ম্যাচ ভেস্তে যাওয়ায় ফুঁসছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন

মুম্বইয়ের ঐতিহাসিক আজাদ ময়দান মানেই উদীয়মান ক্রিকেটারদের ঘাম ঝরানো পরিশ্রম, ভোরের অনুশীলন আর উইকেটের পিছনে উদীয়মান তারকাদের রোমহর্ষক চিৎকার। কিন্তু সেই পবিত্র বাইশ গজে যদি হঠাৎ ক্রিকেটের বদলে আস্ত এক অ্যাকশন প্যাকড ফিল্মের সেট বসে যায়, তবে ক্ষোভের বিস্ফোরণ হওয়াটাই স্বাভাবিক। ঠিক এমনটাই ঘটেল রণবীর সিংয়ের আগামী ছবি ‘প্রলয়’-এর শুটিংকে কেন্দ্র করে। মাঠে বিশাল সব ক্যামেরা, কৃত্রিম ঘাস আর সিনেমার সেটের ভিড়ে ছোটদের নির্ধারিত একাধিক ক্রিকেট ম্যাচ বাতিল করতে বাধ্য হওয়ায় রীতিমতো ফুঁসে উঠেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA)।
ঠিক কী ঘটেছে?
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির অভাবনীয় সাফল্যের পর অভিনেতা রণবীর সিং হাত দিয়েছেন তাঁর নতুন ছবি ‘প্রলয়’-এ। পরিচালক জয় মেহতার হাত ধরে বড় পর্দায় আসতে চলা এই হাই-কনসেপ্ট ছবিটি তৈরি হচ্ছে জম্বি এবং ডিস্টোপিয়ান শহরের প্রেক্ষাপটে। ছবির শুটিংয়ের জন্য খোদ মহারাষ্ট্র সরকারের ক্রীড়া দপ্তর থেকে আজাদ ময়দানে ছ’ঘণ্টার শুটিংয়ের ছাড়পত্র জোগাড় করেছিলেন নির্মাতারা।
কিন্তু এই সরকারি অনুমতি মিলতেই শুরু হয় বিপত্তি। শুটিংয়ের তোড়জোড়ে বাতিল করতে হয়েছে অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে ভবিষ্যতের জাতীয় ও আন্তর্জাতিক তারকারা তৈরি হওয়ার কথা, সেখানে বাণিজ্যিক সিনেমার শুটিংয়ের কারণে খেলা ভেস্তে যাওয়ায় বেজায় চটেছেন এমসিএ-র শীর্ষ কর্তারা। জানা যাচ্ছে, আজাদ ময়দানের ইতিহাসে এর আগে কখনও এমন বাণিজ্যিক সিনেমার শুটিংয়ের অনুমতি দেওয়া হয়নি।
এমসিএ কর্তাদের তীব্র ক্ষোভ
এই ঘটনায় অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন এমসিএ অ্যাপেক্স কাউন্সিলের সদস্য নাদিম মেমন। সাফ ভাষায় প্রশ্ন তুলে তিনি বলেন, “আজাদ ময়দান কোনো ফিল্ম স্টুডিও নয়। এখান থেকেই একের পর এক প্রতিভাবান ক্রিকেটার জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায়। ‘প্রলয়’ ছবির জন্য মাঠে বড় সেট তৈরি করা হয়েছে, কৃত্রিম ঘাস পাতা হয়েছে। এতে আমাদের নিয়মিত টুর্নামেন্টের ম্যাচগুলো বাতিল ও পেছাতে বাধ্য হতে হয়েছে। এই ক্ষতির দায় কে নেবে? ক্রীড়া দপ্তরের যেখানে খেলাধুলোকে উৎসাহ দেওয়ার কথা, সেখানে তারা এমন বাণিজ্যিক স্বার্থে মাঠ ভাড়া দিচ্ছে কী করে?”
ছবির গল্প যতই জমাটি হোক এবং রণবীরের নতুন অবতার যতই আকর্ষক হোক না কেন, ময়দানের পিচে বিনোদন আর খেলাধুলোর এই সরাসরি সংঘাত মোটেই হালকাভাবে নিচ্ছে না মুম্বই ক্রিকেটের অভিভাবক মহল।