১৫ লাখের ঋণের বলির পাঠা স্ত্রী! বিবাদের চরম পরিণতিতে পিকআপ ভ্যান চালিয়ে সোজা থানায় ঘাতক স্বামী

ঘাড়ে ঝুলছিল প্রায় ১৫ লক্ষ টাকার ভারী ঋণের বোঝা। সেই দেনা চুকানোর তাগিদে ঘরের সম্বল বলতে থাকা একমাত্র গরুটিকে বিক্রি করে দিতে চেয়েছিলেন স্বামী। কিন্তু তাতে সাফ না করে দেন স্ত্রী। আর সেই বাধার আগুনে জ্বলে উঠে যে এমন এক নৃশংস পৈশাচিক কাণ্ড ঘটিয়ে বসবেন পেশায় চালক স্বামী, তা স্বপ্নেও ভাবতে পারেননি কেউ! রাগের মাথায় স্ত্রীর ওপর দিয়েই নিজের পিকআপ ভ্যান চালিয়ে দিলেন ঘাতক স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সিকারের কোলিডা গ্রামে।

হাড়হিম করা এই হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মহিলার নাম চুঙ্কি (৫২)। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী চুন্নিলাল কুমওয়াত (৫৬) সোজা থানায় গিয়ে নিজের অপরাধ স্বীকার করে নেন।

১৫ লাখের দেনা আর পারিবারিক অশান্তি

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত চুন্নিলালের মাথার ওপর প্রায় ১৫ লক্ষ টাকার বিশাল অঙ্কের ঋণ চেপেছিল। দেনার টাকা কীভাবে শোধ করবেন, তা নিয়ে প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভুগতেন তিনি। দেনা মেটাতে তিনি তাঁর দুই ছেলের সাহায্য চেয়েছিলেন। কিন্তু দুই ছেলে—যাঁদের একজন উত্তরপ্রদেশে থাকেন এবং অন্যজন খাটুতে ছিলেন—টাইলস বসানোর কাজ করেন এবং তাঁদের আয় অত্যন্ত সীমিত হওয়ায় বাবার বিশাল ঋণ পরিশোধে সাহায্য করতে পারেননি।

এক লহমায় শেষ সাজানো সংসার

বুধবার বিকেলে বাড়ি ফিরে দেনা মেটানোর একমাত্র পথ হিসেবে গরু বিক্রির সিদ্ধান্ত জানান চুন্নিলাল। কিন্তু এতে বাঁধা দেন তাঁর স্ত্রী চুঙ্কি। বাধা পেতেই স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও চরম অশান্তি শুরু হয়। ঝগড়ার রেশ ধরে তীব্র রাগে অন্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান চুন্নিলাল।

বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে ফাঁকা রাস্তায় স্ত্রীকে দেখতে পেয়েই আর কোনো চিন্তাভাবনা না করে সোজা তাঁর গায়ের ওপর দিয়ে ঘাতক পিকআপ ভ্যান চালিয়ে দেন চালক স্বামী! ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় ওই মহিলার।

থানায় গিয়ে আত্মসমর্পণ

লোকাল থানার শীর্ষ পুলিশকর্তা রাকেশ কুমার মীনা জানিয়েছেন, দেনার টাকা শোধের জন্য গরু বিক্রি করতে না দেওয়ায় ক্ষিপ্ত হয়েই এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। ঘটনার পরপরই ঘাতক চুন্নিলাল সোজা থানায় গিয়ে পুলিশের কাছে নিজেকে সঁপে দেন এবং নিজের দোষ স্বীকার করেন। প্রতিবেশীরাও জানিয়েছেন, ঋণের টাকা নিয়ে ইদানীং বাড়িতে প্রায়ই এমন উগ্র অশান্তি করতেন তিনি।

পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত চুন্নিলালকে আটক করেছে। তাঁর শারীরিক ও ডাক্তারি পরীক্ষার পর তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ধারায় মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *