স্তন ক্যানসার মানেই কি শুধু চাকা? অজান্তেই ধরা পড়তে পারে এই ৭ নীরব লক্ষণ, অবহেলা করলেই বিপদ!

স্তন ক্যানসার নিয়ে সাধারণ মানুষের মনে বহুদিনের পুরনো কিছু ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, স্তন বা বগলে কোনো শক্ত চাকা বা লাম্প দেখা দিলেই কেবল তা ক্যানসারের লক্ষণ হিসেবে গণ্য হতে পারে। কিন্তু চিকিৎসকদের মতে, এই ধারণা সম্পূর্ণ সঠিক নয়। স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে সবসময় চাকা বা লাম্প অনুভূত হয় না। বরং ত্বকের পরিবর্তন, নিপল থেকে অস্বাভাবিক তরল নির্গমন বা স্তনের আকার ও আকৃতিতে সূক্ষ্ম পরিবর্তনের মতো লক্ষণগুলিই অনেক সময় রোগটির প্রথম ও নীরব সংকেত হয়ে আসে। সঠিক সময়ে এই পরিবর্তনগুলি চিহ্নিত করতে পারলে এবং চিকিৎসকের পরামর্শ নিলে যে কোনো বড় বিপদ এড়ানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে স্তন ক্যানসারে আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে, যা নারী সমাজের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

বিশেষজ্ঞরা স্পষ্টতই জানিয়েছেন যে স্তনে বা নিপলে কোনো অস্বাভাবিকতা দেখা দিলেই তা ক্যানসার নয়। তবে দীর্ঘস্থায়ী বা অস্বাভাবিক লক্ষণগুলিকে অবহেলা করা একেবারেই উচিত নয়। স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে যে ৭টি প্রধান লক্ষণ নারীদের অবশ্যই জানা এবং খেয়াল রাখা উচিত, সেগুলি নিচে আলোচনা করা হলো:

১. স্তন বা বগলে নতুন চাকা: স্তনের টিস্যুতে বা বগলের নিচে নতুন কোনো চাকা বা ফোলা ভাব দেখা দিলে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন। স্তন ক্যানসারের ক্ষেত্রে এই চাকাগুলি সাধারণত সম্পূর্ণ ব্যথাহীন হয়ে থাকে। তাই ‘ব্যথা নেই’ এই অজুহাতে বিষয়টিকে হালকাভাবে নিলে মারাত্মক ভুল হবে।

২. স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন: যদি হঠাৎ করেই কোনো একটি স্তনের আকার, গঠন বা আকৃতিতে চোখে পড়ার মতো তফাত লক্ষ্য করেন, তবে সময় নষ্ট না করে চিকিৎসকের শরণাপন্ন হন। বিশেষ করে এই পরিবর্তন যদি আপনার স্বাভাবিক শারীরিক কাঠামোর সঙ্গে না মিলে যায়, তবে তা অবিলম্বে পরীক্ষা করানো জরুরি।

ত্বকের গঠন পরিবর্তন ও কুঁচকে যাওয়া: স্তনের বাইরের ত্বকে যদি অদ্ভুত ধরনের টোল পড়ে, চামড়া কুঁচকে যায় বা দেখতে অবিকল কমলার খোসার মতো খসখসে হয়ে ওঠে, তবে তা নিয়ে অবিলম্বে সচেতন হতে হবে। এই ধরণের লক্ষণগুলি স্তনের অভ্যন্তরে চলা কোনো বড় সমস্যা বা টিউমারের ইঙ্গিত দিতে পারে।

৪. নিপল থেকে অস্বাভাবিক রস বা রক্তপাত: কোনো রকম চাপ প্রয়োগ করা ছাড়াই যদি স্তনের বোঁটা বা নিপল থেকে কোনো তরল পদার্থ বেরিয়ে আসে, এবং তাতে যদি সামান্য রক্তও দেখা যায়, তবে তা অত্যন্ত উদ্বেগের বিষয়। গর্ভাবস্থা বা সন্তানকে স্তন্যপান করানোর সময় ছাড়া এমন ঘটনা ঘটলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।

৫. নিপল ভেতরের দিকে ঢুকে যাওয়া: আপনার স্তনের নিপল যদি হঠাৎ করে ভেতরের দিকে কুঁকড়ে যায়, নিজের স্বাভাবিক দিক পরিবর্তন করে বা সেখানে কোনো রকম র‍্যাশ কিংবা চামড়া ওঠার মতো সমস্যা দেখা দেয়, তবে তা ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। জন্মগতভাবে অনেকের নিপল এমন থাকলেও, হঠাৎ করে নতুন করে এই পরিবর্তন দেখা দিলে তা অবহেলা করা চলক না।

৬. ত্বকে লালচে ভাব বা পুরু হয়ে যাওয়া: স্তন বা নিপলের চারপাশের ত্বক যদি কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই লালচে হয়ে যায়, কালচে দাগ পড়তে শুরু করে বা ত্বক অতিরিক্ত পুরু হয়ে যায়, তবে সতর্ক হোন। কিছু বিশেষ ধরনের ক্যানসার বাইরে থেকে কোনো চাকা তৈরি না করেই ত্বকের গঠনে এমন আমূল পরিবর্তন ঘটাতে পারে।

৭. স্তন বা নিপলে একটানা দীর্ঘস্থায়ী ব্যথা: শুধুমাত্র স্তনে ব্যথা হওয়া মানেই তা ক্যানসার নয়। হরমোনের তারতম্য বা অন্যান্য সাধারণ কারণেও এমন হতে পারে। তবে ব্যথা যদি দীর্ঘদিন ধরে না কমে এবং এর সঙ্গে অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ যুক্ত হয়, তবে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

চিকিৎসকরা জোর দিয়ে বলছেন যে, বয়স কম রয়েছে বা পারিবারিক ইতিহাসে ক্যানসারের কোনো নজির নেই—এই ধরনের অজুহাতে লক্ষণগুলিকে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। স্তন বা নিপলে নতুন কোনো পরিবর্তন লক্ষ্য করলেই দ্রুত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া উচিত। চিকিৎসক পরিস্থিতি বুঝে ক্লিনিক্যাল পরীক্ষা, ইমেজিং টেস্ট কিংবা বায়োপসি করার নির্দেশ দিতে পারেন। নিজের শরীর সম্পর্কে সচেতন থাকা, নিয়মিত নিজে পরীক্ষা করা এবং যে কোনো অস্বাভাবিক পরিবর্তন দ্রুত চিকিৎসকের গোচরে আনাই স্তন সুস্থ রাখার একমাত্র ও সবচেয়ে নিরাপদ উপায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *