“বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে!”-ভারতের জেন-জি আন্দোলন নিয়ে বাম নেত্রীর কোন মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি?

পড়শি দেশের জুলাই অভ্যুত্থানকে সামনে রেখেই কি ভারতেও বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে? ঠিক এই প্রশ্নটাই এখন জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে ভারতীয় রাজনৈতিক মহলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) নেত্রী নেহা বোরার একটি ভিডিও বার্তা ঘিরেই শুরু হয়েছে এই চরম বিতর্ক। যেখানে তিনি সরাসরি বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এবং একে ভারতের তরুণ প্রজন্মের লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে তুলে ধরেছেন।

গত ১৪ অক্টোবর ‘সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’ (SSF)-এর ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠান AISA নেত্রী। সেই ভিডিওতেই তাঁকে বলতে শোনা যায়, “বাংলাদেশের তরুণরা যেভাবে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়েছেন, তা আমাদের পথ দেখিয়েছে। বাংলাদেশের আন্দোলন থেকে আমরা অনুপ্রেরণা নিচ্ছি।” শুধু তাই নয়, ভারতের শিক্ষাব্যবস্থায় গৈরিকীকরণের অভিযোগ তুলে তিনি নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধেও সুর চড়ান। পাশাপাশি, দুই দেশের ছাত্রসমাজকে একসঙ্গে হাত মিলিয়ে এক উন্নত দক্ষিণ এশিয়া গড়ার আহ্বান জানান এই যুবনেত্রী।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছিল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, যার পরিণতিতে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের। ভারতের এক বাম নেত্রীর মুখে সেই আন্দোলনের ভূয়সী প্রশংসা এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার কথা শোনার পরেই আসরে নেমে পড়েছে শাসকদল বিজেপি।

বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি এই ইস্যুতে সরাসরি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানায় কড়া আক্রমণ শানিয়েছেন। তাঁর দাবি, “নেহা বোরা হলেন রাহুল গান্ধীর পোস্টার গার্ল। বাংলাদেশের ক্ষমতার পালাবদলের ঘটনা থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলে নেহা স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁদের এই লড়াই কেবল সাধারণ রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং এর মূল উদ্দেশ্য দেশের শাসনব্যবস্থাকে জোরপূর্বক বদলে ফেলা।”

একদিকে বাংলাদেশ আন্দোলনের প্রসঙ্গ টেনে নেহা বোরার এহেন মন্তব্য এবং অন্যদিকে বিজেপির তীব্র আক্রমণ—সব মিলিয়ে এই জল কতদূর গড়াবে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *