বঙ্গ থেকে বর্ষা বিদায়ের মাঝেই নিম্নচাপের ভ্রূকুটি! কোন কোন জেলায় ভিজবে পুজোর কটা দিন?

দুর্গাপুজোর আনন্দ মাটি করতে কি ফের বঙ্গে ফিরে আসছে বর্ষা? পুজোর ঠিক আগে এই প্রশ্নই ঘোরাফেরা করছে সাধারণ মানুষের মনে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ—সর্বত্রই আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে পুজোর মুখে, বিশেষ করে চতুর্থী থেকে পরিস্থিতির বদল ঘটতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি:
আজ থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সকাল ও সন্ধ্যায় কিছুটা মনোরম ভাব থাকলেও, বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম অনুভূত হবে। তবে বুধবারের পর থেকেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা আন্দামান সাগরের ঘূর্ণাবর্তের প্রভাবে তৈরি হচ্ছে। যদিও এই নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে, তবুও এর প্রভাবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়তে পারে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। রবিবার থেকে ফের আবহাওয়া উন্নত হয়ে শুষ্ক রূপ নেবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে।

উত্তরবঙ্গের আবহাওয়া ও বর্ষা বিদায়:
অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া পুরোপুরি শুষ্ক থাকবে। পুজোর দিনগুলিতেও সেখানে বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। মেদিনীপুর ও রাঁচির ওপর দিয়ে বর্ষার বিদায়রেখা ইতিমধ্যেই অবস্থান করছে। আগামী দুই দিনের মধ্যে পূর্ব ভারত সহ দেশের বেশিরভাগ অংশ থেকেই বর্ষা পুরোপুরি বিদায় নেবে বলে ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। ফলে পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই হেমন্তের আমেজ টের পাওয়া যাচ্ছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *