৮ লাখ টাকার বেশি বেসিক বেতন? ৮ম বেতন কমিশন নিয়ে তৈরি হলো জোর জল্পনা, জেনে নিন কার কত বাড়বে মাইনে

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন সংশোধন নিয়ে জল্পনা এখন তুঙ্গে। নতুন ‘অষ্টম বেতন কমিশন’ (8th Pay Commission) নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে দেশজুড়ে। কর্মীদের চোখ এখন একটাই বিষয়ে— ফিটমেন্ট ফ্যাক্টর কত নির্ধারিত হতে চলেছে? কারণ, এই ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে সংশোধিত মূল বেতন বা বেসিক পে-র চূড়ান্ত অঙ্ক।
কর্মী সংগঠনগুলির তরফ থেকে ইতিমধ্যে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে জোরালো দাবি তোলা হয়েছে। পোস্টাল ইউনিয়নের একাংশ যেখানে ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরের পক্ষে সওয়াল করছে, সেখানে বড় একাধিক কেন্দ্রীয় সংগঠন দাবি তুলেছে ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের। তবে এই দুই প্রস্তাবিত অঙ্কের ভিত্তিতে কর্মীদের সম্ভাব্য বেতন কত দাঁড়াতে পারে, তার একটি চমকপ্রদ পরিসংখ্যান সামনে এসেছে।
ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক কী এবং কীভাবে হয় বেতনের হিসেব?
সহজ কথায়, বেতন কমিশনের মাধ্যমে সরকারি কর্মীদের মূল বেতন পুনর্নির্ধারণের জন্য ব্যবহৃত নির্দিষ্ট গুণকটিই হলো ফিটমেন্ট ফ্যাক্টর। হিসেবটি একেবারেই সহজ: বর্তমান বেসিক পে × ফিটমেন্ট ফ্যাক্টর = নতুন সম্ভাব্য বেসিক পে। অর্থাৎ, ফিটমেন্ট ফ্যাক্টরের মান যত বাড়বে, কর্মচারীদের হাতে পাওয়া বেসিক পে-র অঙ্কও তত লাফিয়ে বাড়বে।
কর্মী সংগঠন ‘ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন’ (FNPO) ফিটমেন্ট ফ্যাক্টর ৩ থেকে ৩.২৫-এর মধ্যে রাখার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ‘ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি’ (NC-JCM) এবং ‘অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন’ (AIDEF)-এর যৌথ দাবি হলো ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর।
কোন পে-লেভেলে কত বাড়তে পারে মূল বেতন? (সম্ভাব্য পরিসংখ্যান)
লেভেল ১ (সর্বনিম্ন বেসিক ১৮,০০০ টাকা): ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫ হলে নতুন বেসিক পে দাঁড়াবে ৫৮,৫০০ টাকা। আর ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর হিসেবে মিললে সেই অঙ্ক ছুঁয়ে ফেলবে প্রায় ৬৮,৯৯৪ টাকা!
লেভেল ২ (বেসিক ১৯,৯০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে নতুন বেতন হতে পারে ৬৪,৬৭৫ টাকা এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে তা দাঁড়াতে পারে ৭৬,২৭৭ টাকা।
লেভেল ৩ (বেসিক ২১,৭০০ টাকা): নতুন হিসেব অনুযায়ী ৩.২৫ ফ্যাক্টরে বেতন হতে পারে ৭০,৫২৫ টাকা এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে ৮৩,১৭৬ টাকা।
লেভেল ৪ (বেসিক ২৫,৫০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে হতে পারে ৮২,৮৭৫ টাকা এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে প্রায় ৯৭,৬৮২ টাকা।
লেভেল ৫ (বেসিক ২৯,২০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে বেতন পৌঁছে যেতে পারে ৯৪,৯০০ টাকায় এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে প্রায় ১,১১,৮৬৪ টাকায়।
লেভেল ৬ (বেসিক ৩৫,৪০০ টাকা): ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টরে সম্ভাব্য মূল বেতন দাঁড়াবে ১,১৫,০৫০ টাকা এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে প্রায় ১,৩৫,৬৫৮ টাকা।
লেভেল ৭ (বেসিক ৪৪,৯০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে দাঁড়াতে পারে ১,৪৫,৯২৫ টাকা এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে প্রায় ১,৭২,২৫২ টাকা।
লেভেল ১০ (উচ্চপদস্থ আধিকারিক, বেসিক ৫৬,১০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে নতুন বেসিক পে হবে ১,৮২,৩২৫ টাকা এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে পৌঁছে যাবে প্রায় ২,১৫,০৩১ টাকায়।
লেভেল ১৩ (বেসিক ১,২৩,১০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে বেতন গিয়ে দাঁড়াবে ৪,০০,০৭৫ টাকায় এবং ৩.৮৩৩ ফ্যাক্টরে তা বেড়ে হবে ৪,৭১,৮৪২ টাকা।
লেভেল ১৮ (সর্বোচ্চ পদ, বেসিক ২,৫০,০০০ টাকা): ৩.২৫ ফ্যাক্টরে নতুন বেসিক দাঁড়াবে ৮,১২,৫০০ টাকা এবং ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর লাগু হলে সম্ভাব্য বেসিক পে হতে পারে অবিশ্বাস্য ৯,৫৮,২৫০ টাকা!
চুড়ান্ত সিদ্ধান্ত কবে?
মনে রাখা প্রয়োজন, এই সমস্ত পরিসংখ্যানই প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে হিসেব করা একটি সম্ভাব্য চিত্র। এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। পে কমিশনের নিজস্ব পর্যালোচনার পর তারা যে সুপারিশ পেশ করবে এবং তাতে কেন্দ্র সরকার চূড়ান্ত সিলমোহর দেবে— তার পরেই খোলসা হবে কর্মচারীদের আসল বেতনের অঙ্ক। তবে পে কমিশনের এমন সম্ভাবনার খবরে স্বভাবতই খুশির হাওয়া কর্মী মহলে।