পুজোর আগে মাত্র ১০ দিনেই মুখের ত্বকে আসবে দারুণ জেল্লা! রূপ বিশেষজ্ঞ কেয়া শেঠের এই ম্যাজিক টিপসগুলি মিস করবেন না

দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। উৎসবের মরশুমে সেরা লুকে নিজেকে মেলে ধরতে কার না ইচ্ছে করে! তবে কেবল নতুন পোশাক পরলেই তো আর চলে না, মুখের আসল জেল্লা ও ত্বকের স্বাস্থ্য ঠিক না থাকলে সাজগোজের সমস্ত আকর্ষণই ম্লান হয়ে যায়। পার্লারে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর সময় যদি আপনার হাতে না থাকে, তবে ঘরে বসেই কীভাবে ত্বক ও চুলের যত্ন নেওয়া সম্ভব, সে বিষয়ে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন প্রখ্যাত বিউটিশিয়ান ও অ্যারোমাথেরাপিস্ট কেয়া শেঠ।
বিশেষজ্ঞের মতে, পুজোর দিনগুলোতে সকলের নজর কাড়তে হলে শেষ মুহূর্তের কিছু ঘরোয়া পরিচর্যাই ম্যাজিকের মতো কাজ করতে পারে। তিনি পরামর্শ দিয়েছেন যে, মুসুর ডাল ও মটর ডাল ডাবের জলে ভিজিয়ে শুকিয়ে নেওয়ার পর তা গুঁড়ো করে দুধের সরের সঙ্গে মিশিয়ে স্ক্রাব হিসেবে ব্যবহার করলে মুখের সমস্ত ধুলোময়লা ও ডেড সেল দূর হয়ে যায়। পাশাপাশি, টমেটোর রস, দই, ভার্জিন নারকেল তেল এবং কেয়োলিন পাউডার একসঙ্গে মিশিয়ে প্যাক বানালে রোদে পোড়া ট্যান খুব সহজেই দূর করা সম্ভব।
ত্বককে ঠান্ডা ও সতেজ রাখতে ডাবের পাতলা শ্বাস ব্যবহার করার পরামর্শও দিয়েছেন তিনি। এছাড়া, যাঁদের ত্বকে রোদের কারণে অতিরিক্ত কালচে ভাব বা জেদি দাগ রয়েছে, তাঁরা কস্তুরি হলুদ বা মুলতানি মাটির প্যাক ব্যবহার করতে পারেন। কেবল ত্বকই নয়, চুলের যত্নের জন্য জবা ফুল, আমলকি ও মেথি দিয়ে তৈরি ঘরোয়া প্যাক ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়েছেন কেয়া শেঠ। উৎসবের কদিন আগে এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো মেনে চললেই আপনি পেতে পারেন উজ্জ্বল ত্বক ও রেশমের মতো সুন্দর চুল।