হরমনপ্রীতের যুগ শেষ! ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে কার নাম নিয়ে চলছে জোর চর্চা?

ভারতীয় মহিলা ক্রিকেটে কি তবে একটি যুগের অবসান ঘটতে চলেছে? জল্পনা উস্কে দিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে। কারণ, ক্রিকেটের তিনটি ফর্ম্যাটেই ভারতীয় দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ ব্যাটার হরমনপ্রীত কৌর। আর তাঁর উত্তরসূরি হিসেবে এখন থেকেই জোর গুঞ্জন শুরু হয়ে গেছে। আর এই তালিকায় সবথেকে এগিয়ে রয়েছে সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধানার নাম। বলাই বাহুল্য, টিম ইন্ডিয়ার পরবর্তী কাপ্তান হওয়ার দৌড়ে এখন সবচেয়ে ‘হট ফেভারিট’ তিনি।
কেন হঠাৎ এই পরিবর্তন?
স্মৃতি মন্ধানাকে অধিনায়ক করার দাবি অবশ্য আজকের নয়। ৩৭ বছর বয়সি হরমনপ্রীত কৌরের নেতৃত্বেই ভারতীয় দল বেশ কিছু সাফল্য পেলেও, ব্যাটার হিসেবে তাঁর সাম্প্রতিক ফর্ম নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল। অধিনায়কত্বের চাপে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্স এতটাই তলানিতে ঠেকেছিল যে, চারদিক থেকেই আওয়াজ উঠতে শুরু করেছিল। আর শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো।
গুয়াহাটির রিভিউ মিটিংয়েই কি মিলল বড় ইঙ্গিত?
সম্প্রতি গুয়াহাটিতে বিসিসিআই-এর সঙ্গে ভারতীয় মহিলা দলের যে উচ্চপর্যায়ের রিভিউ মিটিং হয়েছিল, তার মূল এজেন্ডাই ছিল হরমনপ্রীতের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা করা। ওই বৈঠকে কোচ অমোল মজমদার ও হরমনপ্রীতের পাশাপাশি উপস্থিত ছিলেন সহ-অধিনায়িকা স্মৃতি মন্ধানাও। সাধারণত দলের কোনো সাধারণ রিভিউ মিটিংয়ে উপ-অধিনায়কের উপস্থিত থাকার রেওয়াজ না থাকলেও, গুয়াহাটিতে স্মৃতির সেই বিশেষ উপস্থিতিই স্পষ্ট করে দেয় যে টিম ইন্ডিয়ায় বড়সড় রদবদল ঘটতে চলেছে।
যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি, তবে বিনা আগুনে তো আর ধোঁয়া ওড়ে না! তাই ক্রিকেট মহলের জোরালো বিশ্বাস, খুব শীঘ্রই হরমনপ্রীতের শূন্যস্থান পূরণ করে ভারতীয় দলের মুকুট উঠতে চলেছে মারকাটারি ব্যাটার স্মৃতি মন্ধানার মাথাতেই।