ওয়েস্ট বেঙ্গল বা বাংলা নয়! এবার ইংরেজিতেও পাকাপাকি বদলাচ্ছে রাজ্যের নাম? বড় দাবি শমীক ভট্টাচার্যের

‘ওয়েস্ট বেঙ্গল’ বা শুধু ‘বাংলা’ নয়, এবার ইংরেজিতেও রাজ্যের নাম হতে চলেছে ‘পশ্চিমবঙ্গ’ (Paschimbanga)। খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিল বিধানসভায় আনতে চলেছে রাজ্য সরকার—সম্প্রতি এমনই এক বিস্ফোরক দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এর আগে খোদ রাজ্যসভায় দাঁড়িয়েও একই দাবি তুলেছিলেন তিনি। রাজ্যের নাম যাতে সব ভাষাতেই অপরিবর্তিতভাবে ‘পশ্চিমবঙ্গ’ রাখা হয়, সেই দাবিই পুনর্ব্যক্ত করলেন তিনি। শমীকের এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।
ঠিক কী বলেছেন শমীক ভট্টাচার্য?
উত্তরবঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি দাবি করেন, পশ্চিমবঙ্গের নেপথ্যে একটি সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস রয়েছে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আচার্য দেবপ্রসাদ ঘোষরা সবসময় চাইতেন যেন সেই ইতিহাস মানুষ ভুলে না যায়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় রেখেই রাজ্য সরকার এবার বড় পদক্ষেপ করতে চলেছে বলে তাঁর দাবি।
শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় বলেন, “পশ্চিমবঙ্গ হবে। এই দাবি শুধু শমীক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারীর নয়, কিংবা এটি কেবল কোনো নির্দিষ্ট দলের দাবি নয়। ১৯৪৭ সালের ২০ জুন যখন আমরা পশ্চিমবঙ্গ তৈরি করলাম, তখন কংগ্রেসের হিন্দু বিধায়করাও এতে ভোট দিয়েছিলেন। এটাই আমাদের ইতিহাস।”
এরপর বর্তমান প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আজ যাঁরা বাংলা বা বঙ্গ করতে চাইছে, কিংবা ওয়েস্ট বেঙ্গল রাখতে চায়… এটা হবে না। কোথাও পশ্চিমবাংলা নয়, কোথাও ওয়েস্ট বেঙ্গল নয়। নাম হবে পশ্চিমবঙ্গ—তা বাংলা হোক বা ইংরেজি, অর্থাৎ ‘PASCHIMBANGA’। খুব শীঘ্রই রাজ্য সরকার বিল আনছে এবং যত দ্রুত সম্ভব তা কার্যকর হবে।”
নামের বদল নিয়ে দীর্ঘদিনের বিতর্ক
উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘ওয়েস্ট বেঙ্গল’ (West Bengal)-এর নাম পরিবর্তন করে শুধুমাত্র ‘বাংলা’ করার প্রস্তাব নেওয়া হয়েছিল এবং সেই সংক্রান্ত বিল বিধানসভাতেও পাস করানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের তরফে সেই প্রস্তাবে এখনও অনুমোদন মেলেনি। শুরু থেকেই ‘বাংলা’ নামের তীব্র বিরোধিতা করে এসেছে বিজেপি। রাজ্যে পালাবদলের ইতিহাস ও ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপটকে সামনে রেখে গেরুয়া শিবিরের দাবি ছিল, রাজ্যের আসল পরিচয় ও ইতিহাস ধরে রাখতে এর নাম সর্বক্ষেত্রেই ‘পশ্চিমবঙ্গ’ বা ‘Paschimbanga’ হওয়া উচিত। এবার শমীক ভট্টাচার্যের এই মন্তব্যের পর বিষয়টি ফের নতুন মাত্রা পেল।