মোবাইল রিচার্জ ফের মহার্ঘ হতে চলেছে! পকেটে টান পড়তে চলেছে জিও-এয়ারটেল গ্রাহকদের?

সাধারণ মানুষের পকেটে ফের বড়সড় ছ্যাঁকা লাগার আশঙ্কা। খুব শীঘ্রই ফের বাড়তে পারে মোবাইল রিচার্জের খরচ (Mobile Recharge Tariff)। সম্প্রতি একটি আর্থিক গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে দেশের টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যানের দাম ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে। বাজারে টেলিকম কোম্পানির সংখ্যা কমে আসায় এই ট্যারিফ বৃদ্ধির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
কতটা বাড়তে পারে টেলিকম সংস্থাগুলির আয়?
সেন্ট্রাম ইনস্টিটিউশনাল রিসার্চের (Centrum Institutional Research) রিপোর্ট অনুযায়ী, দেশের তিন প্রধান টেলিকম অপারেটর—ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া (VIL)-এর চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে গ্রাহকপিছু গড় আয় বা ARPU ত্রৈমাসিকের ভিত্তিতে প্রায় ০.৮ থেকে ২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এর নেপথ্যে মূলত ২জি (2G) থেকে ৪জি (4G) ও ৫জি (5G) পরিষেবায় গ্রাহকদের স্থানান্তর, পোস্টপেইড গ্রাহক সংখ্যা বৃদ্ধি এবং ত্রৈমাসিকে দিনের সংখ্যা বেশি থাকার মতো বিষয়গুলি কাজ করছে। এই প্রতিযোগিতায় ভোডাফোন আইডিয়ার তুলনায় রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেলের বাজার অংশীদারিত্ব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
কোন সংস্থার কত গ্রাহক বাড়তে পারে?
প্রতিবেদনে টেলিকম সংস্থাগুলির সম্ভাব্য গ্রাহক বৃদ্ধির একটি খতিয়ান তুলে ধরা হয়েছে:
রিলায়েন্স জিও: ত্রৈমাসিকের ভিত্তিতে প্রায় ৮০ লক্ষ নতুন গ্রাহক যোগ করতে পারে জিও। এর ফলে সংস্থার মোট গ্রাহক সংখ্যা প্রায় ৫৪.১ কোটিতে পৌঁছতে পারে। একইসঙ্গে সংস্থার ARPU প্রায় ১ শতাংশ বেড়ে মাসিক ২১৮ টাকা হতে পারে।
ভারতী এয়ারটেল: প্রায় ৩০ লক্ষ নতুন ওয়্যারলেস গ্রাহক যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এয়ারটেলের। এর জেরে মোট গ্রাহক সংখ্যা দাঁড়াতে পারে ৩৮ কোটিতে। পাশাপাশি ২জি থেকে ৪জি-তে গ্রাহক স্থানান্তরের ফলে এয়ারটেলের ARPU প্রায় ২ শতাংশ বেড়ে মাসিক ২৬৯ টাকা হতে পারে, যা দেশের টেলিকম শিল্পে সর্বোচ্চ।
ভোডাফোন আইডিয়া (Vi): সংস্থার গ্রাহক সংখ্যা প্রায় ১০ লক্ষ বেড়ে ১৯.৪ কোটিতে পৌঁছতে পারে এবং গড় ARPU প্রায় ০.৮ শতাংশ বেড়ে মাসিক ১৭৮ টাকা হতে পারে।
দ্রুত গতিতে বাড়ছে 5G নেটওয়ার্ক
রিপোর্টে টেলিকম সংস্থাগুলির নেটওয়ার্ক সম্প্রসারণের চিত্রও উঠে এসেছে। বর্তমানে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল দেশের ৯৫ শতাংশের বেশি জেলায় 5G পরিষেবা পৌঁছে দিয়েছে। এখন তাদের মূল লক্ষ্য নেটওয়ার্কে আরও বেশি 5G ডিভাইস যুক্ত করা। অন্যদিকে, ভোডাফোন আইডিয়ার 5G নেটওয়ার্ক বর্তমানে প্রায় ২০০টি শহরে সীমাবদ্ধ থাকলেও তারা ধীরে ধীরে পরিধি বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। সবমিলিয়ে, রিচার্জের দাম বাড়ার এই পূর্বাভাস সামনে আসতেই কপালে হাত পড়েছে মধ্যবিত্তের।