‘তোমার বাড়িতেই তো প্রিন্সিপাল আছে!’ শুভশ্রীকে কেন এমন কথা বললেন দেব?

টলিউডের সোনালী যুগের অন্যতম সেরা জুটি বলতে আজও সিনেমাপ্রেমীদের মনে সবার আগে ভেসে ওঠে দেব ও শুভশ্রীর নাম। তাঁদের অনস্ক্রিন রসায়ন থেকে অফস্ক্রিন প্রেম— সব সময়ই অনুরাগীদের কাছে এক নস্ট্যালজিয়া। সময়ের সঙ্গে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। দেবের জীবনে রুক্মিণী এবং শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে সংসার গুছিয়ে দুই সন্তানের সফল মা। তবে পুরনো সমস্ত দূরত্ব মুছে ফের একবার বড়পর্দায় কামব্যাক করতে চলেছে এই জনপ্রিয় জুটি। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে চলেছে তাঁদের জুটির সপ্তম ছবি ‘দেশু ৭’। আর এই ছবির প্রচারেই সম্প্রতি সামনে এল এক অন্যরকম মুহূর্ত।
পরিচালনায় দেবের অনুপ্রেরণা শুভশ্রী
সম্প্রতি ‘দেশু ৭’-এর শিলিগুড়ি প্রোমোশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে শুভশ্রীকে বলতে শোনা যায়, ভবিষ্যতে পরিচালনার কথা তিনি ভাবেননি ঠিকই, তবে দেব যেভাবে পরিচালনার খাতায় নাম লিখিয়েছেন, তাতে তিনি দারুণভাবে অনুপ্রাণিত হয়েছেন। সুযোগ পেলে দেবের থেকে এই বিষয়ে পরামর্শ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
দেবের মুখে রাজের অকুণ্ঠ প্রশংসা
শুভশ্রীর এই মন্তব্যের জবাবে এক্কেবারে হাসিমুখে দেব যা বলেন, তাতে মুহূর্তের মধ্যে চারপাশ হাততালিতে ফেটে পড়ে। দেব বলেন, “তুমি ভুলে যাচ্ছ তোমার বাড়িতে একজন ডিরেক্টর আছে, আমার কাছে আসতে হবে না।” এরপরই টলিউডের সফল পরিচালক তথা শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ হন অভিনেতা। দেব বলেন, “একটা কথা না বললে অসমাপ্ত থেকে যাবে, ও হচ্ছে ওই স্কুলের প্রিন্সিপাল, যেই স্কুলের আমরা ছাত্র। রাজ চক্রবর্তী হচ্ছে একজন লিজেন্ড।” বরের এমন ভূয়সী প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে তাতে সম্মতিও জানান শুভশ্রী।
উল্লেখ্য, দেব ও শুভশ্রী জুটিকে প্রথম দর্শকমহলে পরিচিত করেছিলেন এই রাজ চক্রবর্তীই। ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-র মতো একের পর এক হিট ছবি উপহার দিয়েছে এই জুটি।
পুরনো সমীকরণ ও নেটপাড়ার ট্রোল
একসময় দেবের সঙ্গে বিয়ে ও থিতু হওয়া নিয়ে মতের মিল না হওয়ায় পথ আলাদা হয়েছিল দেব-শুভশ্রীর। পরবর্তীতে রাজ চক্রবর্তীর হাত ধরেই নিজের সুন্দর সংসার ও মা হওয়ার স্বপ্ন পূরণ করেন শুভশ্রী। বর্তমানে ইউভান ও ইয়ালিনির মা হিসেবে কড়া রুটিনে সংসার ও কাজ সমানতালে সামলাচ্ছেন তিনি। তবে পুরনো জুটির এই অনস্ক্রিন কামব্যাক ও খোশগল্পকে কেন্দ্র করে যেমন অনুরাগীরা উচ্ছ্বসিত, তেমনই নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়ায় নানা রসাত্মক মন্তব্য করতেও ছাড়েননি। সবমিলিয়ে, পুজোর আগে ‘দেশু ৭’ ও দেব-শুভশ্রীর এই সমীকরণ এখন টক অফ দ্য টাউন।