ভারতে আসছে এক লক্ষ কোটি টাকার বিদেশি বিনিয়োগ! সুইস রাষ্ট্রপতির দিল্লি সফরে কোন মেগা চুক্তি স্বাক্ষর হলো?

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) দিল্লির হায়দ্রাবাদ হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস কনফেডারেশনের সভাপতি গাই পারমেলিন। দুই নেতার উপস্থিতিতে ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, পরিকাঠামো এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বেশ কয়েকটি কৌশলগত সমঝোতা স্মারক (MoU) বিনিময় করা হয়েছে।

১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ ও ১০ লক্ষ কর্মসংস্থান
যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে জানান যে, ভারত এবং ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংস্থা (EFTA) দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিটি হলো ভারতের সঙ্গে কোনো ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠীর প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি। এই চুক্তির হাত ধরে আগামী ১৫ বছরে ভারতে ১০০ বিলিয়ন ডলার (প্রায় ৮ লক্ষ কোটি টাকার বেশি) বিনিয়োগ এবং ১০ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টির বিরাট লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পাশাপাশি, ভারতীয় কৃষি, ঔষধ, বস্ত্র এবং প্রকৌশল পণ্যের জন্য সুইজারল্যান্ডের বাজারে প্রবেশাধিকার আরও প্রসারিত করার পাশাপাশি বায়োটেক, জীবন বিজ্ঞান, ব্যাংকিং, বীমা এবং টেকসই উন্নয়নের মতো খাতে ভারতে সুইস বিনিয়োগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পরিকাঠামো ও প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সহযোগিতা
দেশের পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বারাণসী রোপওয়ে, নয়ডার জেওয়ার বিমানবন্দর এবং পার্বত্য অঞ্চলের রেল ও টানেলিং প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি পরিবহন ও পরিকাঠামো উন্নয়নে সুইস কোম্পানিগুলোকে ভারতে এসে বিনিয়োগ করতে এবং নকশা ও উৎপাদনে অংশ নিতে আহ্বান জানান। এছাড়া, দুই দেশ সামরিক বিনিময়, প্রতিরক্ষা উৎপাদন এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও জোরালো করতে সম্মত হয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে স্বাস্থ্য, পরিচ্ছন্ন শক্তি এবং মহাকাশ গবেষণার মতো অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে নতুন যৌথ গবেষণা প্রকল্প চালুর ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিজ্ঞান স্টার্টআপগুলির সক্ষমতা বৃদ্ধিতে জুরিখ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হওয়া চুক্তিটিকেও স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তরুণ প্রজন্ম ও অভিবাসন চুক্তি
অভিগাস ও গতিশীলতা অংশীদারিত্ব চুক্তি এবং তরুণ পেশাজীবী চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে এখন থেকে সুইজারল্যান্ডে ভারতীয় ছাত্র, গবেষক ও যুবকদের জন্য পড়াশোনা এবং কেরিয়ার গড়ার ক্ষেত্রে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া যোগ এবং আয়ুর্বেদের প্রসারেও দুই দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সমৃদ্ধি শীর্ষ সম্মেলন ও বিশ্ব শান্তি
আগামী ৭ অক্টোবর সুইস রাষ্ট্রপতির উপস্থিতিতে ভারত-ইএফটিএ ব্যবসায়ী নেতাদের নিয়ে একটি ‘সমৃদ্ধি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হতে চলেছে, যা বাণিজ্য অংশীদারিত্বকে বাস্তব রূপ দিতে বড় ভূমিকা নেবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ক্ষেত্রে দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত প্রসঙ্গে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান যে, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য ভারত সব সময় যেকোনো অর্থবহ প্রচেষ্টাকে সমর্থন করে এসেছে। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে আসা সুইস রাষ্ট্রপতি গাই পারমেলিনের এই সফর দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *