ফের সাতসকালে রাজ্যে ইডির মেগাব্লাস্ট! বড়বাজার-পোস্তা থেকে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি—সর্বত্র জোরকদমে তল্লাশি

সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট বা ইডি-র (ED) ম্যারাথন অভিযান। সোমবার সাতসকালে কলকাতার ব্যস্ত এলাকা বড়বাজার এবং পোস্তায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। একইসঙ্গে ওড়িশার একটি বিশাল আর্থিক কেলেঙ্কারির তদন্তে এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় এই অভিযান ঘিরে রাজ্য রাজনীতি ও ব্যবসায়িক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
বড়বাজার ও পোস্তায় ইডির হানা
সূত্রের খবর, ভুবনেশ্বরের একটি বিশাল ব্যাঙ্ক প্রতারণা মামলায় এই তল্লাশি চালানো হচ্ছে। ‘গুপ্তা পাওয়ার ব্যাংক’ (Gupta Power Bank) নামক একটি কোম্পানির মাধ্যমে প্রায় ১ হাজার ১০৯ কোটি টাকার লোন নিয়ে তা সাইফন বা পাচার করার গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে এই মামলায় সিবিআই তদন্ত চালালেও, এবার আর্থিক লেনদেনের গভীরে পৌঁছাতে ময়দানে নেমেছে ইডি। বড়বাজার ও পোস্তার একাধিক ব্যবসায়িক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান।
প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতেও ইডি রেড
অন্যদিকে, গত সপ্তাহ থেকেই কলকাতা ও জেলা মিলিয়ে প্রায় ১৫টি জায়গায় সমান্তরালভাবে অভিযান চালাচ্ছে ইডি। তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তথ্য-সংস্কৃতি দফতরের একাধিক আর্থিক লেনদেনে অনিয়মের অভিযোগ রয়েছে। দুর্গাপুজোয় টিকিট দেওয়ার নামে প্রতারণা, ৫০-৬০ কোটি টাকা তোলার অভিযোগ এবং মন্ত্রী থাকাকালীন ইউনেস্কোর নাম ভাঙিয়ে প্রতারণার মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে ইডির আধিকারিকেরা এই হানা দিয়েছেন।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই প্রাক্তন মন্ত্রীর কসবার বাড়ি ছাড়াও হিন্দুস্তান পার্ক এবং হাইল্যান্ড পার্কের বাসভবনে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। বর্তমানে তিনি হিন্দুস্তান পার্কে তাঁর মেয়ের বাড়িতে রয়েছেন। পাশাপাশি, পঞ্চসায়রের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কার্যালয়েও হানা দিয়েছে ইডি। একের পর এক জায়গায় কেন্দ্রীয় এজেন্সির এই ঝটিকা অভিযানে চরম অস্বস্তিতে সংশ্লিষ্ট মহল।