“তুমি কে হ্যাঁ?” দুর্নিবারের ওপর চরম মেজাজ হারালেন অনুষ্কা! বিগ বসের অন্দরে নতুন সমীকরণ ঘিরে শোরগোল

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র অন্দরে ক্রমশ পারদ চড়ছে। গত সপ্তাহে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে এন্ট্রি নেওয়া অনুষ্কা ঘোষ ঘরে প্রবেশ করেই গায়ক দুর্নিবার সাহার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এবং তাঁর সঙ্গেই হাত মিলিয়েছিলেন। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই তাঁদের সম্পর্কে ফাটল ধরার উপক্রম! দু’জনের মধ্যে চরম বাকবিতণ্ডা এবং ঝগড়ার দৃশ্য দেখে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাউসমেটদের মধ্যে। তবে কি সত্যিই ভাঙল তাঁদের বন্ধুত্ব? নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে অন্য কোনো বড় গেমপ্ল্যান?

ঠিক কী নিয়ে শুরু হয়েছিল বিরোধ?
রাজনীতির একটি টাস্কে জীতুর কৌশলের কারণে এ সপ্তাহে লাক্সারি বাজেট হাতছাড়া হয়েছে লাউঞ্জের প্রতিযোগীদের। কিন্তু এই কাজের নেপথ্যে ঠিক কার হাত রয়েছে, তা নিয়ে যখন হাউসমেটরা ধোঁয়াশার মধ্যে, ঠিক তখনই আসরে নামেন দুর্নিবার। তিনি অনুষ্কাকে জানান যে, এই বিষয়ে তাঁর কাছে খবর রয়েছে এবং কে এই কাজ করেছে তা তিনি জানেন। আর এই নিয়েই দু’জনের মধ্যে শুরু হয় তীব্র খণ্ডযুদ্ধ।

অনুষ্কা অভিযোগ করেন যে, দুর্নিবার তাঁকে অকারণে সন্দেহ করছেন। পাশ থেকে নিরঞ্জন মণ্ডল মন্তব্য করলে অনুষ্কা আরও চর্তে যান। সোজাসুজি দুর্নিবারকে আক্রমণ করে তিনি বলেন, “তুমি কে হ্যাঁ? তুমি নিজের লোকের পিঠে ছুরি বসাও…” এই তীব্র কথার লড়াইয়ে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।

ঝগড়ার আসল রহস্য ফাঁস!
তবে ওপর উপর যতই অশান্তি হোক না কেন, আসল সত্যিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। পরে জানা যায়, এই পুরো ঝগড়াটাই ছিল তাঁদের একটি পূর্বপরিকল্পিত চাল বা ‘গট আপ’ গেম! রাজনীতির টাস্কের পর রাজবীর অনুষ্কাকে তাঁদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেন। সেই কথা অনুষ্কা জানান দুর্নিবারকে। পরিকল্পনা অনুযায়ী, প্রতিপক্ষ শিবিরে ঢোকার রাস্তা পাকা করতেই দুর্নিবারের সঙ্গে এই লোক দেখানো ঝগড়ার নাটক করেন অনুষ্কা। যাতে জীতু বা রাজবীরদের মনে কোনো সন্দেহের অবকাশ না থাকে এবং তাঁদের দলের অন্দরের সমস্ত খবর সহজে ফাঁস হয়ে যায়।

ধরা পড়ে গেল প্ল্যান!
যদিও অনুষ্কা ও দুর্নিবার নিজেদের মতো করে চাল চালার চেষ্টা করেছিলেন, কিন্তু তা খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি তাঁরা। তাঁদের এই নাটকীয় ঝগড়া এবং হঠাৎ মত বদল নিখুঁতভাবে ধরে ফেলেন জীতু ও রাজবীর। জীতু স্পষ্টতই রাজবীরকে বুঝিয়ে দেন যে অনুষ্কার এই রাগ দেখানো পুরোটাই লোক দেখানো নাটক। তাঁদের এই কৌশল বুঝতে পেরেই জীতু ও রাজবীর সতর্ক হয়ে যান এবং অনুষ্কার ওপর থেকে ভরসা উঠে যাওয়ার কথা জানান।

সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় চলা ‘বিগ বস বাংলা’-র অন্দরে প্রতি মুহূর্তে বদলাচ্ছে সমীকরণ। কে কার বন্ধু আর কে শত্রু, তা বুঝতে এখন রীতিমতো হিমশিম খাচ্ছেন প্রতিযোগীরা। খেলার মোড় কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *