রাজ্যে মদ বিক্রির নিয়মে বিরাট বদল! স্কুল-কলেজ বা মন্দিরের কত দূরে খোলা যাবে দোকান?

উৎসবের মরশুমের ঠিক আগে রাজ্যে মদের দোকান খোলার নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। রাজ্যের আবগারি দফতরের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে মদের দোকানের লাইসেন্স, দোকান খোলার নির্দিষ্ট স্থান এবং দূরত্বের নিয়মে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন করা হয়েছে।
নতুন এই নির্দেশিকা অনুযায়ী, পুরসভা ও পুরনিগম এলাকার ক্ষেত্রে স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মতো সংরক্ষিত স্থান থেকে মদের দোকানের ন্যূনতম দূরত্ব বাড়িয়ে ৫০০ মিটার করা হয়েছে। অন্যদিকে, পুরসভা এলাকার বাইরের অঞ্চলে এই দূরত্ব নির্ধারণ করা হয়েছে এক কিলোমিটার। এমনকি সংরক্ষিত প্রতিষ্ঠানের একাধিক প্রবেশপথ থাকলে, যেকোনো একটি প্রবেশপথ থেকে এই নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতেই হবে।
চলতি দোকানগুলির কী হবে? নতুন নিয়মে পুরনো ব্যবসায়ীদের চিন্তার কোনো কারণ নেই বলেই জানিয়েছে প্রশাসন। কারণ, বর্তমান বা চালু দোকানগুলির ওপর এই নতুন নিয়মের কোনো প্রভাব পড়বে না। তবে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নতুন জায়গায় খুচরো মদ বিক্রির লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন ব্যবসায়ীরা। নতুন কোনো জায়গায় দোকান খোলার আবেদন জমা পড়লে সংশ্লিষ্ট জেলার কালেক্টর তা তদন্ত করে দেখবেন এবং আবগারি কমিশনারের অনুমোদন মিললে তবেই নির্ধারিত ফি নিয়ে লাইসেন্স দেওয়া হবে।
এছাড়াও, লাইসেন্স বাতিল বা প্রত্যাহারের কারণে অতীতে বন্ধ হয়ে যাওয়া মদের দোকানগুলির জায়গাকেও নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে স্থান হিসেবে গণ্য করা হবে। আবগারি আইনের ৪পি ধারা প্রয়োগ করে নতুন অফ-শপ খোলার এই পদক্ষেপে রাজ্যে বন্ধ থাকা প্রায় ৩০০টি দোকান নতুন করে খোলার সুযোগ তৈরি হয়েছে।