১৫ বছরের ‘ভাই’ই এখন স্বামী! মেয়ের এই কাণ্ড দেখে জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করলেন ক্ষিপ্ত বাবা, তারপর…

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এমন এক অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা শুনে থমকে যেতে বাধ্য হন যে কেউ। ছোটবেলা থেকে যাকে নিজের ভাই বলে জেনে এসেছেন এবং টানা ১৫ বছর ধরে নিয়মিত রাখি পরিয়েছেন, শেষ পর্যন্ত তাঁকেই ভালোবেসে বিয়ে করলেন এক যুবতী। আর এই আকস্মিক ও বিতর্কিত বিয়ের খবর সামনে আসতেই তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। শুধু তাই নয়, মেয়ের এমন সিদ্ধান্তের পর রাগে ও ক্ষোভে জীবন্ত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন ক্ষুব্ধ বাবা। প্রয়াগরাজের যমুনানগর ইন্ডাস্ট্রিয়াল থানা এলাকার তেলুয়াওয়ান গ্রামে ঘটেছে এই ঘটনা।
ভাই থেকে সোজা জীবনসঙ্গী:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়ি বছরের যুবতী নন্দিনী পাণ্ডে বাইশ বছরের শাশ্বত গুপ্তকে নিজের ইচ্ছাতেই বিয়ে করেছেন। শাশ্বত দীর্ঘদিন ধরে ওই যুবতীর বাড়িতে যাতায়াত করতেন। পরিবারের সবাই জানতেন যে নন্দিনী তাঁকে নিজের ভাইয়ের মতো দেখেন এবং প্রতি বছর নিয়ম করে তাঁকে রাখি পরান। কিন্তু এই ভাই-বোনের পবিত্র সম্পর্কের আড়ালে কখন যে গভীর প্রেম দানা বেঁধেছিল এবং তা পরিণয়ে গড়ায়, তার বিন্দুবিসর্গও টের পাননি পরিবারের কেউ।
গত ২০ সেপ্টেম্বর হঠাৎই কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান দুজনে এবং পরবর্তীতে মন্দিরে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপরই নন্দিনী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করে জানান যে, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই শাশ্বতকে বিয়ে করেছেন এবং তাঁরা দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবাসতেন।
পরিবারের ক্ষোভ ও মেয়ের পাল্টা প্রতিক্রিয়া:
মেয়ের এমন পদক্ষেপে আকাশ থেকে পড়েন পরিবারে সদস্যরা। নন্দিনীর বাবা এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারেননি। রাগে ও অভিমানে তিনি সমাজের সামনে মেয়ের জীবিত অবস্থাতেই তার শেষকৃত্যের আচার সম্পন্ন করেন এবং মেয়ের ছবিতে ‘মৃত’ লিখে সম্পর্ক চিরতরে ছিন্ন করার কথা ঘোষণা করেন। শুধু তাই নয়, ক্ষিপ্ত বাবা ওই যুবকের কুশপুত্তলিকাও দাহ করেন।
অন্যদিকে, পরিবারের এমন চরম পদক্ষেপে পিছপা হননি নন্দিনীও। নিজের ভিডিও বার্তায় তিনি বাবার এই অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, পরিবার তাঁকে মৃত বলে ধরে নিলেও তিনি স্বেচ্ছায় নিজের পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে নিচ্ছেন। একই সঙ্গে বাবার বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও মানসিক হয়রানির চাঞ্চল্যকর অভিযোগও তুলেছেন তিনি। তবে বাড়ি থেকে টাকা চুরির যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন নন্দিনী। আপাতত নতুন স্বামীর পরিবারের সঙ্গেই নতুন জীবন শুরু করেছেন তিনি, তবে এই চাঞ্চল্যকর ঘটনা ঘিরে প্রয়াগরাজে জোর চর্চা শুরু হয়েছে।