শেয়ার বাজারে ধস নামতেই মাস্টারস্ট্রোক কেন্দ্রের! আমেরিকা-লড়াইয়ে ভারতের তুরুপের তাস কী?

সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই রক্তক্ষয়ী পতনের সাক্ষী থেকেছে ভারতীয় শেয়ার বাজার। মাত্র কয়েক ঘণ্টার লেনদেনে লগ্নিকারীদের সাড়ে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। সোমবারের সেই ধাক্কা মঙ্গলবারও কাটিয়ে উঠতে পারেনি বাজার, এদিনও ২৪২ পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের। সোম ও মঙ্গলবার মিলিয়ে ভারতীয় বাজার থেকে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি লগ্নিকারীরা।

মার্কিন শীর্ষ ব্যাঙ্ক গত সপ্তাহে ১০ বছরের মেয়াদি আমানতে সুদের হার বাড়ানোর ফলে সেই সমস্ত টাকা সোজা চলে গেছে মার্কিন বন্ডের বাজারে। এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম না কমায় চাপ আরও বেড়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, পরপর এই ধাক্কাগুলির ফলেই শেয়ার বাজারের এই বেহাল দশা। যদিও অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক কারণে বাজারে ধস নেমেছে এবং বাজার তা সামলে নিয়েছে, তবুও এই চক্র থেকে স্থায়ী মুক্তির পথ খুঁজছে ভারত।

শেয়ার বাজারে পতন রোধে বড় পদক্ষেপ কেন্দ্রের
আমেরিকার বন্ড ইয়েল্ডের আদলে এবার নিজস্ব ‘ইন্ডিয়া বন্ড ইয়েল্ড’ বাজারে আনতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আন্তর্জাতিক বাজারে ভারতের এটি প্রথম দীর্ঘমেয়াদি মূলধনী বন্ড। এই বন্ডের মাধ্যমে বিদেশ থেকে মূলধন সংগ্রহ করবে ভারত। আন্তর্জাতিক কোনো কারণে শেয়ার বাজারে হঠাৎ ধস নামলে বা অর্থনৈতিক গতি শ্লথ হলে, রিজার্ভ ব্যাঙ্কের ডলার বা সোনার রিজার্ভের মতো এই নিজস্ব বন্ডই হবে বাজারের মূল হাতিয়ার।

বিশ্বের নবম দেশ হিসেবে ‘ইন্টারন্যাশনাল ইয়েল্ড বন্ড’ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র। তবে প্রশ্ন উঠতেই পারে, মার্কিন বন্ডের ভিড়ে এই ভারতীয় বন্ড আন্তর্জাতিক বাজারে কতটা গ্রহণযোগ্যতা পাবে? এই প্রশ্নের উত্তরে আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বন্ডের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার ক্রেডিড রেটিংয়ের ওপর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, ‘বিবি প্লাস’ (BB+) রেটিং নিয়েই ইনিংস শুরু করতে চলেছে ভারতের এই নতুন বন্ড। বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ইতিমধ্যেই এই রেটিংয়ের জন্য আবেদন করেছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, এই কাঙ্ক্ষিত রেটিং মিললে আন্তর্জাতিক বাজারে বন্ডের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো সংশয় থাকবে না। তবে কাঙ্ক্ষিত রেটিং পেতে ব্যর্থ হলে শুরুতেই বিপাকে পড়তে পারে এই মেগা প্রকল্প। সবমিলিয়ে, যথেষ্ট আর্থিক ঝুঁকি নিয়েই এবার আন্তর্জাতিক বন্ডের কুরুক্ষেত্রে পা রাখতে চলেছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *