এসআরএফটিআই কাণ্ডে বিস্ফোরক উচ্চশিক্ষামন্ত্রী! “মনীষীদের ছবিতে পদাঘাত, এই সংস্কৃতি বরদাস্ত করব না”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতার আরও এক নামী শিক্ষা প্রতিষ্ঠান সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (SRFTI) ক্যাম্পাসে রবিবারের সংঘর্ষের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। রবিবার দুপুর থেকে শুরু হওয়া বচসা ও ধস্তাধস্তি গড়ায় সন্ধ্যা পর্যন্ত। অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত বা এবিজিপির অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটা এই সংঘর্ষের ঘটনায় সোমবার প্রথমবার মুখ খুললেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

এদিন মন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, শিক্ষা প্রতিষ্ঠানে যেকোনো ধরনের হিংসাই অত্যন্ত নিন্দনীয় এবং তা কোনোভাবেই অভিপ্রেত নয়। তবে এর পরেই অত্যন্ত কড়া সুরে তিনি বলেন, গোটা ঘটনায় বাঙালি মনীষী ও ভারতমাতার ছবিতে পদাঘাত করার মতো গুরুতর দৃশ্য তাঁর নজরে এসেছে। এই প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, ‘‘তাহলে বুঝতে হবে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে এই সংস্কৃতি আমরা বদলাবো। এই সংস্কৃতি বরদাস্ত হবে না। পুলিশ তদন্ত করে দেখছে, কাউকে ছাড়া হবে না।’’

প্রসঙ্গত, রবিবার এবিজিপির নির্ধারিত অনুষ্ঠান চলাকালীন সেমিনার হলের বাইরে কিছু ছাত্রছাত্রীর বিক্ষোভ ও স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম সংঘর্ষ বাধে। গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগে ইতিমধ্যেই পঞ্চসায়র থানায় মোট তিনটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। সোমবারও থমথমে কলেজ চত্বরে কড়াকড়ি বাড়িয়ে আইডি কার্ড ছাড়া বাইরের কারোর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রীর এই কড়া হুঁশিয়ারি শিক্ষাঙ্গনের রাজনীতি ও নিরাপত্তা নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *