দুর্গাপুরের দখল কার হাতে? শিল্পাঞ্চলে মুখোমুখি সংঘর্ষে জড়াল বিজেপি ও আরএসএস-এর দুই শ্রমিক সংগঠন!

রাজ্যের পালাবদলের পর শিল্পাঞ্চল দুর্গাপুরের দখল ও নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নিয়ে এবার তীব্র বিরোধ শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে। একদিকে ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর মঞ্চ (BJMM) এবং অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) ভারতীয় মজদুর সংঘ (BMS)—এই দুই শাখা সংগঠনের দ্বন্দ্বের জেরে এখন উত্তপ্ত দুর্গাপুরের শিল্পমহল। সোশ্যাল মিডিয়া ছাড়িয়ে এই কোন্দল এখন প্রকাশ্যে এসে পড়েছে।
রবিবার দুর্গাপুরের সাধুডাঙায় বিজেএমএম-এর অষ্টম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক কল্যাণ দুবে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই আরএসএস-এর শ্রমিক সংগঠন বিএমএস দুর্গাপুরের বিভিন্ন কলকারখানা ও কোম্পানিতে একতরফাভাবে ঠিকা কর্মী নিয়োগ করাচ্ছে। দুর্গাপুর ইস্পাত কারখানা (DSC) এবং মিশ্র ইস্পাত কারখানায় তাঁদের সংগঠনের সদস্যদের গেট পাস কেড়ে নেওয়া হচ্ছে বলেও তাঁর অভিযোগ। হুঁশিয়ারি দিয়ে কল্যাণ দুবে জানান, আগামী দিনে ডিপিএল কারখানায় সদলবলে অভিযান চালানো হবে।
পালটা আক্রমণ শানাতে পিছপা হয়নি বিএমএস নেতৃত্বও। বিএমএস-এর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “বিজেএমএম-এর আগের সাতটি সম্মেলন কোথায় হয়েছে কেউ জানে না, হুট করে অষ্টমে পা দিল! বিশ্বজুড়ে বিএমএস হল সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। যারা আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন, তারা হয় বোকা, না হলে বোকা সাজার ভান করছেন।” শিল্পের বুক চিরে চলা গেরুয়া শিবিরের এই অভ্যন্তরীণ কোন্দল এখন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।