রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! ঝঞ্ঝাট ছাড়াই বানান সুস্বাদু কাঁকড়া কষা, জিভে জল আনা রেসিপি জানলে আজই ট্রাই করবেন

সর্বভূক বাঙালির কাছে সি ফুড বা সামুদ্রিক মাছের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। মাছ, মাংস বা ডিমের ভিড়ে কাঁকড়ার পদ দেখলে জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার। তবে এই সুস্বাদু পদটি খেতে অনেকেই মূলত রেস্তোরাঁর ওপর ভরসা করেন, কারণ বাড়িতে কাঁকড়া পরিষ্কার ও রান্না করা অনেকেই বেশ ঝামেলার বলে মনে করেন। কিন্তু একটু সঠিক নিয়ম মানলে অত্যন্ত সহজেই রেস্তোরাঁর স্টাইলে বানিয়ে ফেলা যায় লোভনীয় কাঁকড়া কষা। জেনে নিন এর সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

মাঝারি সাইজের কাঁকড়া: ২টি

আদা, রসুন ও কাঁচালঙ্কা বাটা: ২ টেবিল চামচ

পেঁয়াজ বাটা: ১টি

টমেটো বাটা: ১টি

গোটা গরম মশলা: আধ টেবিল চামচ

শুকনো লঙ্কা: ১টি

হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো: পরিমাণমতো

জিরে ও গরম মশলা গুঁড়ো: প্রয়োজনমতো

সর্ষের তেল ও নুন: স্বাদমতো

কুচানো ধনেপাতা

সহজ প্রণালী:
প্রথমে কাঁকড়াগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তাতে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখে দিন। এবার একটি কড়াইতে পর্যাপ্ত সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা কাঁকড়ার টুকরো এপিঠ-ওপিঠ করে হালকা ভেজে তুলে নিন।

ওই তেলেই ফোড়ন হিসেবে দিন গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা। এরপর কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একে একে আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা, টমেটো বাটা এবং পরিমাণমতো নুন দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সমস্ত গুঁড়ো মশলা (হলুদ, লঙ্কা, জিরে ও গরম মশলা গুঁড়ো) এর মধ্যে মিশিয়ে দিন।

মশলা ভালোভাবে কষা হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কাঁকড়াগুলি এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কষাতে থাকুন। মশলা থেকে তেল আলাদা হয়ে এলে সামান্য জল দিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে মাখা মাখা হয়ে এলে উপর থেকে কুচানো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন। ব্যাস, গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য একেবারে তৈরি সুস্বাদু ও জম্পেশ কাঁকড়া কষা!

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *