পরিচিত হওয়ার কিছুক্ষণ পরেই মানুষের নাম ভুলে যান? আপনার এই অভ্যাসের নেপথ্যে রয়েছে কোন অদ্ভুত মনস্তত্ত্ব?

কাউকে প্রথমবার দেখলেন, বেশ কিছুক্ষণ কথা বললেন। তাঁর মুখ, পেশা, কোথায় দেখা হয়েছিল, এমনকি কথোপকথনের বেশ কিছু অংশও আপনার দিব্যি মনে রয়েছে। অথচ ঠিক কয়েক মিনিট পরেই সেই ব্যক্তির নাম মাথা থেকে সম্পূর্ণ উধাও! এমন পরিস্থিতিতে অনেকেই ঘাবড়ে যান এবং মনে করেন যে তাঁদের স্মৃতিশক্তি বোধহয় দুর্বল হয়ে পড়ছে। কিন্তু মনোবিজ্ঞান এবং সাম্প্রতিক গবেষণা বলছে, নতুন কারও নাম ভুলে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। এর অর্থ এই নয় যে আপনার স্মৃতিশক্তি খারাপ বা আপনি ওই ব্যক্তির কথায় মন দেননি।
নাম মনে রাখা এত কঠিন কেন?
মনোবিজ্ঞানীদের মতে, নামের মধ্যে সাধারণত আলাদা কোনও অর্থ বা তথ্য থাকে না। উদাহরণস্বরূপ— কেউ যদি বলেন তিনি পেশায় চিকিৎসক, তবে সেই শব্দটা শুনলেই তাঁর পেশা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়ে যায়। কেউ যদি জানান তিনি মুম্বইয়ে থাকেন, তাহলে সেই তথ্যের সঙ্গে একটি পরিচিত জায়গার সংযোগ ঘটে।
কিন্তু মানুষের নাম মূলত একটি নিছক পরিচয়বাচক শব্দ। নামটি নিজে থেকে সেই ব্যক্তির চেহারা, পেশা, স্বভাব বা আগ্রহ সম্পর্কে বিশেষ কোনও তথ্য প্রকাশ করে না। ফলে মস্তিষ্কের কাছে সেটিকে অন্য তথ্যের সঙ্গে স্থায়ীভাবে জুড়ে রাখার সুযোগ কম থাকে। গবেষণায় দেখা গিয়েছে, সাধারণ শব্দের তুলনায় যে কোনও ব্যক্তির নাম মনে রাখা তুলনামূলকভাবে অনেকটাই কঠিন।
মস্তিষ্কের অতিরিক্ত কাজের চাপ
নতুন কারও সঙ্গে দেখা হওয়ার সময় মানব মস্তিষ্ককে একসঙ্গে অনেকগুলো তথ্য প্রসেস করতে হয়। সামনে থাকা ব্যক্তির মুখ, কণ্ঠস্বর, কথা বলার ধরন, কোথায় দেখা হয়েছে বা তিনি কী করেন—সবকিছুর পাশাপাশি নিজের কী বলা উচিত, সেই বিষয়টিও মাথার মধ্যে ঘুরপাক খায়। এই বিপুল তথ্য সামলানোর জেরে নামটি অনেক সময় মস্তিষ্কে সঠিকভাবে ‘এনকোড’ হতে পারে না। ফলে পরবর্তী সময়ে সেই নাম মনে করার সময় সমস্যা দেখা দেয়। অর্থাৎ, বিষয়টি সবসময় স্মৃতিশক্তি লোপ পাওয়ার নয়; বরং প্রথমবার নামটি ঠিকমতো মনে গেঁথেই যায়নি।
নাম মনে রাখার সহজ কৌশল
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কিছু সহজ অভ্যাস গড়ে তুললে নাম মনে রাখার ক্ষমতা অনেকটাই বাড়ানো সম্ভব। কারও নাম শোনার পর সেটিকে তাঁর পেশা, শখ, চেহারার বিশেষ কোনও বৈশিষ্ট্য বা নিজেদের কথোপকথনের কোনও বিশেষ বিষয়ের সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন। এছাড়া অর্থপূর্ণ কোনও তথ্যের সঙ্গে নামকে জুড়ে দিলে মস্তিষ্কের কাছে তা মনে রাখা সহজ হয়। তাই নতুন কোনও পরিচিতের নাম কিছুক্ষণ পরে মনে না পড়লে অযথা বিব্রত হওয়ার কোনও কারণ নেই। প্রয়োজনে হাসিমুখে আবার নামটি জেনে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।