২ হাজারের বেশি ইউপিআই পেমেন্টে কি অতিরিক্ত চার্জ কাটবে? জল্পনার অবসান ঘটিয়ে বিরাট বার্তা কেন্দ্রের

ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষকে বড়সড় স্বস্তি দিয়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউপিআই (UPI)-এর মাধ্যমে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহক কিংবা ব্যবসায়ী—কারও কাছ থেকেই কোনো প্রকার মাশুল বা চার্জ নেওয়া যাবে না। ব্যাঙ্ক বা পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকেও এই ফি উসুলে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই নিয়ম বহাল থাকছে RuPay ডেবিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টের ক্ষেত্রেও। তবে এই ঘোষণার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, ২,০০০ টাকার বেশি পাঠালে কি গ্রাহককে অতিরিক্ত খরচ দিতে হবে?

২,০০০ টাকার বেশি পাঠালে কি গ্রাহকের টাকা কাটবে?
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তব্য অনুযায়ী, ২,০০০ টাকার বেশি UPI পেমেন্ট করলেও সাধারণ গ্রাহকের ওপর কোনো চার্জ বসছে না। সম্প্রতি সংসদে পাস হওয়া সংশোধিত আইনটি মূলত একটি ‘এনেবলিং প্রভিশন’ বা সহায়ক ব্যবস্থা। অর্থাৎ, প্রয়োজন হলে ভবিষ্যতে নির্দিষ্ট ক্ষেত্রে চার্জ চালুর সুযোগ তৈরি করা হয়েছে মাত্র, কিন্তু এর মাধ্যমে সাধারণ UPI ব্যবহারকারীর ওপর কোনো কর বা লেনদেনের ফি চাপানো হয়নি। ফুটপাতের বিক্রেতা, ক্যাবচালক বা মুদির দোকানের মতো ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রেও এখনই কোনো চার্জ বসছে না।

মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR নিয়ে কী ভাবছে কেন্দ্র?
ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে ২০২০ সাল থেকে UPI লেনদেনে MDR সম্পূর্ণ শূন্য (Zero-MDR) রাখা হয়েছে। তবে পেমেন্ট পরিকাঠামো শক্তিশালী রাখা এবং সাইবার নিরাপত্তার খরচ সামলাতে সীমিত ক্ষেত্রে MDR চালুর আলোচনা রয়েছে। ব্রোকারেজ সংস্থা জেফারিজের অনুমান, বড় অংকের মার্চেন্ট পেমেন্টে ফি চালু হলে সংশ্লিষ্ট শিল্প বছরে উল্লেখযোগ্য আয় করতে পারে।

তবে এই বিষয়ে অর্থমন্ত্রক স্পষ্ট করেছে যে, আইনটি নিজে থেকে কোনো চার্জ চালু করেনি। NPCI-র নেতৃত্বাধীন ২২ সদস্যের UPI অ্যান্ড সার্ভিসেস স্টিয়ারিং কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে কোনো ফি চালু হলেও তার সম্ভাব্য লক্ষ্য হতে পারে নির্দিষ্ট ধরনের বড় মার্চেন্ট পেমেন্ট, সাধারণ মানুষ থেকে মানুষের লেনদেন নয়। তাই আপাতত সাধারণ UPI ব্যবহারকারীদের উদ্বেগের কোনো কারণ নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *