মোদি সরকারের ২৫ বছর পূর্তি! বাংলায় ২৪ দিন ব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ নিয়ে নবান্নের বিরাট নির্দেশিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উদ্যাপনে এক বিশাল কর্মযজ্ঞের প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ২৪ দিন ধরে রাজ্যজুড়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে ‘সেবা সংকল্প অভিযান’। এই বিশেষ কর্মসূচি সফল করতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এবং তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহনের যৌথ স্বাক্ষরে একটি বিস্তারিত পরিমার্জিত নির্দেশিকা জারি করেছে নবান্ন।
নবান্নের নির্দেশিকায় কী কী বিশেষ কর্মসূচির কথা বলা হয়েছে? একনজরে দেখে নিন:
-
‘আশীর্বাদের প্রদীপ’ ও গঙ্গার ঘাটে মেগা ইভেন্ট: আগামী ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অভিযানের সূচনা হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য ৫০ হাজার প্রদীপ সংগ্রহ করবে স্থানীয় প্রশাসন। এছাড়া ওই দিন কলকাতার গঙ্গার ঘাটে ১ লক্ষ প্রদীপ জ্বালিয়ে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে বিশেষ আলোকসজ্জারও নির্দেশ দেওয়া হয়েছে।
-
চিত্র সেবা ও অঙ্গন মিলন সেবা: ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে প্রবন্ধ ও অঙ্কন প্রতিযোগিতা চলবে। পাশাপাশি ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নারী ও শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য নিয়ে ‘অঙ্গন মিলন সেবা’ অনুষ্ঠিত হবে।
-
ম্যারাথন ও সাইকেল র্যালি: আগামী ৭ অক্টোবর রাজ্যজুড়ে ম্যারাথন ও সাইকেল র্যালির মাধ্যমে ‘সেবা জ্যোতি কলস যাত্রা’ পালিত হবে। ৯ অক্টোবর ‘সেবা ফার্স্ট ইনোভেশন চ্যালেঞ্জ’-এর মাধ্যমে ছাত্রছাত্রী ও স্টার্ট-আপগুলির উদ্ভাবনী প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
-
তদারকি ও বাজেট ব্যবস্থাপনা: এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়িত করতে আলাদা করে কোনো অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হচ্ছে না; প্রতিটি দপ্তরকে তাদের নিজস্ব বাজেট থেকেই এই খরচ মেটাতে হবে। পুরো অভিযানের ওপর নজরদারির জন্য মন্ত্রীদের এবং প্রবীণ আইএএস আধিকারিকদের জেলাভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতেই এই মেগা প্রচারকে হাতিয়ার করছে নবান্ন।