‘ভিখ মাঙ্গে ক্যাপ্টেন্সি’ বলে সোহিনীকে কটাক্ষ নন্দিনীর! বিগ বসের ঘরে তুমুল দ্বন্দ্ব

ভরত কলের পর এবার ‘বিগ বস বাংলা’র ঘরের নতুন ক্যাপ্টেনের দায়িত্ব পেলেন সোহিনী পাল। ক্যাপ্টেন্সির টাস্কে অন্য প্রতিযোগীদের পিছনে ফেলে বাজিমাত করলেও, দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই যেন কঠিন পরীক্ষার মুখে পড়েছেন তিনি। নতুন ক্যাপ্টেনের নির্দেশ মানতে বাড়ির একাধিক সদস্যের নারাজ থাকার দৃশ্য ইতিমধ্যেই সামনে এসেছে, যার ফলে বিগ বসের অন্দরের রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে।
সম্প্রতি প্রকাশিত নতুন প্রোমোতেই এই উত্তেজনার ছবি স্পষ্ট। সোহিনী একের পর এক নির্দেশ দিলেও প্রতিযোগীদের একাংশের মধ্যে তার কোনো প্রভাব দেখা যাচ্ছে না। নিরঞ্জন থেকে শুরু করে ভরত কল—অনেকেই নিয়ম না মেনে নিজেদের মতো সময় কাটাচ্ছেন। পরিস্থিতি সামলাতে গিয়ে শেষ পর্যন্ত রাজবীরের সঙ্গে তুমুল তর্কে জড়িয়ে পড়েন নতুন ক্যাপ্টেন। শুধু ঘরোয়া কাজ বা নির্দেশ নিয়েই নয়, রান্নাঘর থেকেও উত্তেজনার আঁচ ছড়িয়েছে। একদিকে জয়িতা পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও, অন্যদিকে নন্দিতা সরাসরি সোহিনীকে আক্রমণ করে বসেন। ‘ভিখ মাঙ্গে ক্যাপ্টেন্সি’ বলে সোহিনীকে কটাক্ষ করার পাশাপাশি ব্যক্তিগত আক্রমণও করেন নন্দিতা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত ক্যামেরার সামনে নিজের ক্ষোভ উগরে দিয়ে রাজবীরের বিরুদ্ধে শোভনহীন আচরণের অভিযোগ তোলেন সোহিনী।
উল্লেখ্য, এর আগে ভরত কল ক্যাপ্টেন হওয়ার পরেও তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই জয়িতা, সৃজলা, আলেক্স, নন্দিনী ও সোহিনীর মধ্যে চলা লড়াইয়ে জয় ছিনিয়ে নেন সোহিনী। কিন্তু টাস্ক জয় আর ক্যাপ্টেন হিসেবে বাকিদের দিয়ে নিয়ম মানানো যে এক নয়, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি।
এদিকে সপ্তাহের শেষ পর্বে নতুন কোনো চমক থাকে কি না, তা নিয়ে দর্শকদের কৌতূহল তুঙ্গে। জোর গুঞ্জন রয়েছে, দ্বিতীয় ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে হয়তো বিগ বসের ঘরে পা রাখতে চলেছেন অভিনেতা জীতু কমল। পাশাপাশি, ‘দাদার দরবার’-এর মঞ্চে এই সপ্তাহে কার শো-এর যাত্রা শেষ হবে, সেদিকেও নজর রয়েছে সকলের। ক্যাপ্টেন্সি নিয়ে তীব্র সংঘাত আর পালটে যাওয়া সমীকরণে জমজমাট হয়ে উঠেছে ‘বিগ বস বাংলা’র দ্বিতীয় সপ্তাহের খেলা।