নিউ টাউনে খালের জলে উল্টে গেল দম্পতি ও শিশুকন্যার গাড়ি! বড় বিপদের হাত থেকে কীভাবে রক্ষা পেলেন তাঁরা?

চোখের পলকে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। নিজেদের গাড়ি করে পরিবারের তিন সদস্য গন্তব্যে যাওয়ার পথেই ঘটে গেল বড় বিপড়। নিউ টাউনের যাত্রাগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাগজোলা খালে উল্টে গেল একটি যাত্রীবাহী গাড়ি। গাড়ির ভেতরে দম্পতির সঙ্গে তাঁদের এক শিশুকন্যাও সওয়ার ছিল। তবে স্থানীয়দের সাহসিকতা এবং চরম তৎপরতায় বরাতজোরে প্রাণে রক্ষা পেয়েছেন তিনজনই।

ঠিক কী ঘটেছিল নিউ টাউনে?
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গিয়েছে, এদিন ওই দম্পতি তাঁদের শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নিজস্ব গাড়িতে করে বের হয়েছিলেম। গাড়ির সামনের সিটে মায়ের কোলেই বসা ছিল একরত্তি শিশুটি, আর গাড়ি চালাচ্ছিলেন শিশুটির বাবা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি যাত্রাগাছি এলাকার কাছাকাছি আসতেই সামনের সিট থেকে পিছনের সিটে যাওয়ার জন্য বায়না ধরে বা সরে যাওয়ার চেষ্টা করে ওই শিশুটি। আর ঠিক সেই মুহূর্তেই চালক অর্থাৎ শিশুটির বাবার মনসংযোগে বড়সড় ব্যাঘাত ঘটে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এর জেরে গাড়িটি প্রথমে ফুটপাথের রেলিংয়ে ধাক্কা মারে এবং তারপরেই নিয়ন্ত্রণহীনভাবে সোজা গিয়ে পড়ে পাশের বাগজোলা খালে।

স্থানীয়দের সাহসিকতায় রক্ষা
গাড়িটি খালে পড়ার সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত পথচলতি মানুষ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারে নেমে পড়েন। এক মহিলা পথচারী চরম সাহসিকতা দেখিয়ে বিপদ বুঝে সবার আগে গাড়ির ভেতর থেকে শিশুটিকে নিরাপদে বাইরে বের করে আনেন। এরপর স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় একে একে গাড়ির চালক ও তাঁর স্ত্রীকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, খালে গাড়িটি গিয়ে পড়লেও সৌভাগ্যবশত সেটি জলের তলায় সম্পূর্ণ ডুবে যায়নি। বরং খালের ধারের উপচে পড়া জঞ্জাল ও আবর্জনার স্তূপের উপর আটকে যায় গাড়িটি। যার ফলে বড় ধরনের জলের তোড়ে ভেসে যাওয়া বা শ্বাসরোধ হওয়ার মতো মারাত্মক বিপদ এড়ানো সম্ভব হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ক্রেন এনে খাল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকেও ওপরে তোলা হয়।

মনে করাচ্ছে কেষ্টপুরের স্মৃতি
এই ঘটনার পরই স্থানীয় মহলে কেষ্টপুরের একটি মর্মান্তিক স্মৃতির কথা ফের চাগাড় দিয়ে উঠেছে। গত ১২ অগাস্ট ঠিক একইভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি পড়ে কেষ্টপুরে মৃত্যু হয়েছিল সুমিত্রা দাস নামে এক গৃহবধূর। স্বামীর কিনে দেওয়া নতুন গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলা পুকুরে তলিয়ে গিয়েছিলেন। তবে নিউ টাউনের এই ঘটনায় অল্পের জন্য বড়সড় প্রাণহানির হাত থেকে রক্ষা পেল পরিবারটি, যা নিয়ে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *